অক্টোবর ১৯, ২০২৫, ০৬:৩৫ পিএম
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের ‘দুধ দিয়ে গোসল’ করে স্ত্রীকে তিন তালাক দেওয়ার চাঞ্চল্যকর ঘটনায় মুখ খুলেছেন তার স্ত্রী রিয়া মনি। স্বামীর এমন কর্মকাণ্ডে তিনি জানিয়েছেন, এ নিয়ে তার কোনো অভিযোগ নেই, তবে হিরো আলম যে পরকীয়ার অভিযোগ তুলেছেন, তা তাকে আদালতেই প্রমাণ করতে হবে।
এর আগে, শনিবার (১৮ অক্টোবর) হিরো আলম রাজধানীর আফতাবনগরে নারী ভক্তদের আনা দুধ দিয়ে প্রকাশ্যে গোসল করেন। এ সময় তিনি তার স্ত্রী রিয়া মনিকে ‘মৌখিক তিন তালাক’ দিয়েছেন বলে ঘোষণা দেন এবং তাকে ‘শুদ্ধ’ করার জন্য এই দুধ-স্নান বলে জানান। হিরো আলম অভিযোগ করেন, রিয়া মনি তার সঙ্গে পরকীয়া করেছেন এবং তাকে ‘খুন করতে চেয়েছিলেন’।
স্বামীর এই কর্মকাণ্ড ও অভিযোগের প্রতিক্রিয়ায় রিয়া মনি গণমাধ্যমকে বলেন, “এ নিয়ে আমার কিছু বলার নেই। হিরো আলম যা ভালো মনে করেছে, সে তাই করবে। আমার কোনো অভিযোগ নেই। আমি তো চেষ্টা করেছি সংসার টিকিয়ে রাখতে।”তবে, পরকীয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, “দেখুন, হিরো আলম আমার নামে অভিযোগ করতেই পারে। সেটি তার অধিকার। কিন্তু সেই অভিযোগগুলো তাকে প্রমাণ দিতে হবে তো।
আমি আর কিছু বলতে চাই না। যদি বলতে হয়, আদালতেই বলব। আইনের কাছে তো আর সে মিথ্যা বলতে পারবে না।” তারকা দম্পতির পাল্টাপাল্টি অভিযোগ আর ‘দুধ দিয়ে গোসল’-এর মতো অভিনব প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বইছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন