অক্টোবর ২১, ২০২৫, ১১:৫৯ এএম
বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিবিদ রাঘব চাড্ডার ঘরে নতুন অতিথির আগমনে খুশির জোয়ার বইছে। তবে সব শুভেচ্ছাবার্তার ভিড়ে, আলাদা করে নজর কেড়েছে ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়ার পাঠানো বার্তা। সম্পর্কে বোন হলেও, গত এক বছর ধরে এই দুই তারকার সম্পর্ক নিয়ে যে তিক্ততার গুঞ্জন চলছিল, প্রিয়াঙ্কার এক পোস্টেই যেন তার অবসান ঘটল।
শনিবার (১৮ অক্টোবর) পরিণীতি পুত্রসন্তানের মা হওয়ার সুখবর জানান। এরপরই সুদূর নিউইয়র্ক থেকে বোনকে শুভেচ্ছা জানিয়ে প্রিয়াঙ্কা চোপড়া তার ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, “যাক, এতদিনে মালতী (প্রিয়াঙ্কার কন্যা) তার খেলার সঙ্গী পেল। পরী, তোমাকে ও রাঘবকে অনেক শুভেচ্ছা। খুব ভালো থেকো।”
প্রিয়াঙ্কার এই মিষ্টি বার্তাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ভক্তরা বলছেন, এই এক পোস্টেই দুই বোনের মধ্যকার দূরত্বের সব জল্পনা উড়িয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা।
উল্লেখ্য, গত বছর রাজস্থানের উদয়পুরে পরিণীতি চোপড়ার রাজকীয় বিয়েতে প্রিয়াঙ্কা চোপড়ার অনুপস্থিতি দুই বোনের সম্পর্ক নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছিল। অনেকেই ধরে নিয়েছিলেন, দুই বোনের মধ্যে হয়তো কোনো কারণে দূরত্ব তৈরি হয়েছে। তবে, বোনের জীবনের এই বিশেষ মুহূর্তে প্রিয়াঙ্কার এমন আন্তরিক শুভেচ্ছা প্রমাণ করে, তাদের সম্পর্ক এখনও অটুট রয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন