বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬,

ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে হারাল স্পেন

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১০:৫১ এএম

ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে হারাল স্পেন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র বিশ্বকাপের শিরোপা জয়ের পর ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে প্রথমবার খেলতে নেমে আবারও নিজেদের চেনা আধিপত্য দেখিয়েছে স্পেন। সেভিয়ার র‌্যামন সানচেজ স্টেডিয়ামে ম্যাচের শুরুতে সমর্থকদের সামনে বিশ্বকাপ ট্রফি প্রদর্শন করেন স্প্যানিশ অধিনায়ক রদ্রি। সেই ঐতিহাসিক আবহের মাঝেই উয়েফা নেশনস লিগের ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল।

সেভিয়ার মাঠে আক্রমণের পুরো আলো নিজের দিকে টেনে নেন ১৯ বছর বয়সী তারকা ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। ম্যাচ শুরুর মাত্র ৭০ সেকেন্ডের মাথায় এগিয়ে যায় আগের ম্যাচে ইংল্যান্ডকে হারানো স্বাগতিকরা। মার্ক কুকুরেয়া ও আলেক্স বায়েনার যৌথ আক্রমণ থেকে ফেরমিন লোপেসের বুদ্ধিদীপ্ত পাসে বল পান ইয়ামাল। ডান প্রান্ত দিয়ে দ্রুত বক্সে ঢুকে নিচু শটে বল জালে জড়িয়ে উল্লাসে মাতান দর্শকদের। ম্যাচের ২৮ মিনিটে সমতা ফিরিয়ে লড়াই জমানোর ইঙ্গিত দেয় ক্রোয়াটরা। ইভান পেরিসিচের নিখুঁত ক্রস থেকে দারুণ হেডে গোল করেন ডিওন দ্রেনা বেল্লো।

তবে সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি সফরকারীদের জন্য। মাত্র তিন মিনিট পরেই ডান প্রান্ত থেকে ইয়ামালের মাপা ক্রস খুঁজে নেয় মার্ক পিউবিলকে, যিনি চমৎকার হেডে নিশানা ভেদ করে ব্যবধান ২-১ করেন। দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ছন্দ ধরে রাখে স্পেন। ম্যাচের ৬৩ মিনিটে মিডফিল্ডার পেদ্রির ডিফেন্সচেরা থ্রু বল ধরে দুরূহ কোণ থেকে বাঁ পায়ের দর্শনীয় শটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন ইয়ামাল। এই আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের হয়ে দুই ম্যাচে তার গোল ও সহায়তার সংখ্যা দাঁড়াল চারটিতে। ম্যাচের ৬৮ মিনিটে তাকে তুলে নেওয়ার সময় গ্যালারিতে উপস্থিত হাজার হাজার দর্শক দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে বিশেষ সম্মান জানান।

ম্যাচের ৮১ মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে মাঠে নামেন ৪১ বছর বয়সী অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদরিচ, তবে তিনি নেমেও ব্যবধান কমাতে পারেননি। উল্টো ৮৯ মিনিটে রদ্রি, পেদ্রি ও মিকেল মেরিনোর চমৎকার দলগত বোঝাপড়া থেকে বল পেয়ে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে শেষ গোলটি করেন বদলি হিসেবে নামা নিকো উইলিয়ামস। টানা দুই জয়ে নেশনস লিগে দুর্দান্ত সূচনা করা স্পেন তাদের পরবর্তী ম্যাচে আগামী ৩ অক্টোবর চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে। অন্যদিকে একই দিনে ইংল্যান্ডের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া।