সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১০:৫৭ এএম
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন তারেক রহমান। সরকারপ্রধানের এই আগমনকে কেন্দ্র করে জেলা শহর থেকে প্রত্যন্ত জনপদে ব্যাপক প্রস্তুতি চলছে। এই সফর ঘিরে তৃণমূলের রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনার পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন রোধ, স্বাস্থ্য ও শিক্ষা খাতের দীর্ঘদিনের নানা দাবি সামনে নিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি পারিবারিক ও আবেগের দিক থেকেও সফরটি বিশেষ গুরুত্ব বহন করছে।
ফেনী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পৈতৃক জেলা। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা নিয়ে গঠিত ফেনী-১ আসন থেকে অতীতে একাধিকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। মায়ের নির্বাচনী এলাকায় তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক সফরকে ঘিরে তাই স্থানীয়দের উন্নয়ন প্রত্যাশাও অনেক বেশি। ফেনীর উত্তরের এই তিন উপজেলায় বর্ষা মৌসুম এলেই শুরু হয় বন্যা ও জলাবদ্ধতার তীব্র দুর্ভোগ। অন্যদিকে জেলার দক্ষিণাঞ্চলে রয়েছে ভয়াবহ নদীভাঙনের সংকট। এই প্রেক্ষাপটে সফরের প্রথম দিন ১ অক্টোবর পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, টেকসই পানি নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
বন্যা নিয়ন্ত্রণ বাঁধের গুরুত্ব তুলে ধরে ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম জানান, বর্ষায় বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে বিস্তীর্ণ এলাকা তলিয়ে যে দুর্ভোগ তৈরি হয়, তা থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে দীর্ঘদিন ধরে এই স্থায়ী বাঁধ নির্মাণের দাবি ছিল। প্রধানমন্ত্রী সরাসরি উপস্থিত হয়ে এই পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করবেন। সফরে বেগম খালেদা জিয়া মহিলা কলেজে একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
এছাড়া সরকারি দপ্তরে স্থাপিত পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় বিদ্যুৎ গ্রিডে সরবরাহ সংযোগ কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে তার। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় তিনি স্থানীয়দের মাঝে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কার্যক্রম এবং ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের ইমাম ও পুরোহিতদের সম্মানী প্রদানসহ অসচ্ছল জনগোষ্ঠীর সহায়তা কার্যক্রমেও সরাসরি অংশ নেবেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন