সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬,

মাইকেল জ্যাকসনের চরিত্রে ভাইয়ের ছেলে

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৭, ২০২৫, ১০:৩০ এএম

মাইকেল জ্যাকসনের চরিত্রে ভাইয়ের ছেলে

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উন্মোচিত হলো পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবনীভিত্তিক সিনেমা ‘মাইকেল’-এর বহুল প্রতীক্ষিত টিজার। মাত্র এক মিনিট ১৩ সেকেন্ডের এই ঝলকেই গোটা দুনিয়া যেন আবারও মগ্ন হয়ে পড়েছে কিংবদন্তির জাদুতে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তোলপাড়, যা পুরোনো উন্মাদনাকে জাগিয়ে তুলেছে।

অফিসিয়াল এই টিজারটি প্রকাশ করেছে লায়নসগেট মুভিজ এবং মুক্তির পরপরই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। ভক্তরা ধারণা করছেন, আসছে বছরে এটি হতে পারে সবচেয়ে আলোচিত বায়োপিকগুলোর মধ্যে অন্যতম।নির্মাতা অ্যান্টোইন ফুকোয়ার ভাষ্য অনুযায়ী, ‘মাইকেল’ শুধু একজন শিল্পীর সাফল্য নয়; তার জীবন, সংগ্রাম, উত্তরাধিকার এবং মানসিক যাত্রার গল্পও তুলে ধরবে। জ্যাকসন ফাইভ থেকে শুরু করে বৈশ্বিক তারকা হয়ে ওঠা পর্যন্ত মাইকেলের সংগীতজীবনের পাশাপাশি মঞ্চের বাইরের অজানা দিকগুলোও এতে উঠে আসবে।

এই সিনেমার সবচেয়ে বড় চমক হলো, এতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তার ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন। ট্রেলারে তাকে দেখা গেছে বিখ্যাত ‘মুনওয়াক’, ‘থ্রিলার’ নাচ এবং স্টেজ পারফরম্যান্সগুলো অবিকলভাবে পুনরায় ফুটিয়ে তুলতে। দর্শকরা বলছেন, ‘রক্তও কথা বলে’। জাফারের বডি ল্যাঙ্গুয়েজ, পোশাক ও স্টেপে যেন মাইকেল জ্যাকসন নিজেই জীবন্ত হয়ে উঠেছেন।

টিজারের শুরুটাও দারুণ নাটকীয়। হেডফোনে সংগীতে নিমগ্ন মাইকেলের দৃশ্যটি মন কেড়ে নেয়। এরপর ভেসে আসে কিংবদন্তি প্রযোজক কোয়েন্সি জোন্সের কণ্ঠ, “আমি জানি তুমি অনেকদিন ধরে এর জন্য অপেক্ষা করছো...”। এরপর রিল টেপ ঘোরা, হাতে লেখা গানের লিস্ট, লাখো ভক্তের উচ্ছ্বাস ও পুরস্কার মঞ্চের মুহূর্তসহ টিজারজুড়ে ধরা দিয়েছে মাইকেল জ্যাকসনের বর্ণাঢ্য ইতিহাসের এক ঝলক। বিশ্বব্যাপী ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালের ২৪ এপ্রিল।