রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

একদিনেই ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪৫ জন

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২০, ২০২৫, ০৬:০৬ পিএম

একদিনেই ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪৫ জন

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৪৫ জন রোগী।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, নতুন ৪ জনসহ চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৩ জনে। এই বছর এ পর্যন্ত মোট ৮৮ হাজার ৪৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে যে ৭৪৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ১৫৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২৭ জন রয়েছেন। ঢাকার বাইরে উল্লেখযোগ্য সংখ্যক রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে, যার সংখ্যা ১২৫ জন। এছাড়াও চট্টগ্রাম বিভাগে ৮৯ জন, খুলনা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৩২ জন, ময়মনসিংহ বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৫৩ জন, রাজশাহী বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৪৮ জন এবং সিলেট বিভাগের সিটি করপোরেশনের বাইরে একজন রোগী ভর্তি হয়েছেন।

একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ৬৯৭ জন। এর ফলে চলতি বছরে এখন পর্যন্ত মোট ৮৫ হাজার ২৬৭ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গুর প্রকোপ বছরের শেষদিকে এসেও সহজে কমছে না। যদিও গত বছর এবং ২০২৩ সালের তুলনায় বছরের শেষ নাগাদ রোগীর সংখ্যায় কিছুটা পার্থক্য দেখা যাচ্ছে, তবে সংক্রমণের হার এখনো উচ্চ।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়েছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মোট মৃত্যু ছিল ১ হাজার ৭০৫ জন। সেই তুলনায় চলতি বছরে পরিস্থিতির উন্নতি হলেও, দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা এখনও সাধারণ মানুষের মধ্যে দুশ্চিন্তা তৈরি করছে। মশা নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে আরও জোর দেওয়া না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে উঠবে বলেই মনে করছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।