নভেম্বর ২২, ২০২৫, ০৪:৪৪ পিএম
দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক রূপ নিয়েছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জন মারা গেছেন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫৯৩ জন ডেঙ্গু রোগী।
শনিবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে ঢাকা মহানগরীর হাসপাতালগুলোতে ২৮৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
এছাড়া ঢাকার বাইরে বিভাগীয় পর্যায়েও উল্লেখযোগ্য সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯০ জন, চট্টগ্রাম বিভাগে ৯৭ জন, ঢাকা বিভাগে (মহানগরীর বাইরে) ৮৮ জন এবং খুলনা বিভাগে ২৯ জন ভর্তি হয়েছেন।
নতুন ৩ জনের মৃত্যুর ফলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই বছরে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৬ জনে। এর মধ্যে ১৮৬ জন পুরুষ ও ১৭০ জন নারী। অন্যদিকে, চলতি বছর শুরু থেকে এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৮৯ হাজার ৪৮৬ জন রোগী ভর্তি হয়েছেন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এডিস মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশন ও স্বাস্থ্য বিভাগকে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন