বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬,

হামের উপসর্গে আরও ১১ মৃত্যু: মোট প্রাণহানি ১ হাজার ৭৬

স্বাস্থ্য ডেস্ক

সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৭:৫৩ পিএম

হামের উপসর্গে আরও ১১ মৃত্যু: মোট প্রাণহানি ১ হাজার ৭৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০১ জন এবং উপসর্গে ৯৭৫ জনসহ মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৭৬ জনে।

উপসর্গে মৃত্যুর তালিকায় শীর্ষে রয়েছে রাজধানী। মঙ্গলবার সকাল আটটা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় শুধু ঢাকা বিভাগেই হামের উপসর্গে মারা গেছেন সর্বোচ্চ পাঁচজন। এই সময়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে এক হাজার ৬৮ জন রোগী চিকিৎসার জন্য এসেছেন। গত এক দিনে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ২৯৯ জন। এছাড়া চট্টগ্রামে ২৩৮, বরিশালে ১৪৩, সিলেটে ১৬৪, খুলনায় ৯১, ময়মনসিংহে ৮১, রংপুরে ২৭ এবং রাজশাহী বিভাগে ২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬২ হাজার ৪৮ জনে। তাদের মধ্যে চিকিৎসা সেবা শেষে এক লাখ ৫৫ হাজার ৬১২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

দেশে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হামের মোট রোগীর সংখ্যা এক লাখ ৮৩ হাজার ৪৪৯ জন, যার মধ্যে নিশ্চিতভাবে সংক্রমণ শনাক্ত হয়েছে ২০ হাজার ৮৫১ জনের শরীরে।