নভেম্বর ২৬, ২০২৬, ০৩:৪২ পিএম
ফেসবুকে আকর্ষণীয় বিজ্ঞাপন, লোভনীয় অফার আর ভুয়া সফটওয়্যার আপডেটের ফাঁদে পড়ে সর্বস্ব হারাচ্ছেন গ্রাহকরা। ব্যাংক হিসাব বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের পিন চুরির পাশাপাশি এখন গ্রাহকের স্মার্টফোনের নিয়ন্ত্রণ নিয়েই সরাসরি টাকা হাতিয়ে নিচ্ছে সংঘবদ্ধ প্রতারক চক্র। দেশে ডিজিটাল লেনদেন বাড়ার সঙ্গে সঙ্গে অনলাইন প্রতারণার কৌশলও বদলে যাচ্ছে।
এ বিষয়ে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ মহিব্বুল মুক্তাদির তানিম, যিনি ব্রেইন স্টেশনের হেড অব সাইবার সিকিউরিটি, বলেন, প্রতারণার ধরণ এখন আগের চেয়ে অনেক বদলে গেছে। কয়েক দশক আগে বাস স্টেশন ও রেল স্টেশনে পকেটমাররা ভিড়ের মধ্যে অন্যমনস্ক মানুষের মানিব্যাগ তুলে নিত। এখন সেই পকেটমার ডিজিটাল হয়ে গেছে। ফোন ছিনিয়ে নেওয়ার পাশাপাশি ফোনের নিয়ন্ত্রণ নিয়েও টাকা ছিনিয়ে নেওয়া হচ্ছে।
সাম্প্রতিক ঘটনাগুলো বিশ্লেষণ করে তিনি তিনটি উপায়ের কথা বলেন। প্রথম উপায়টি হলো ফোন ছিনিয়ে নেওয়া। ফোন হাইজ্যাক করে সেখান থেকে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, মোবাইল অপারেটর কিংবা বিকাশ-নগদের টাকা নিয়ে নেওয়া হয়। অনেক ক্ষেত্রে দেখা গেছে, আনলক অবস্থায় থাকা ফোন থেকে ঋণ পর্যন্ত নিয়ে নেওয়া হয়েছে।
দ্বিতীয় উপায়টি হলো ফোনের ভার্চুয়াল বা লজিক্যাল নিয়ন্ত্রণ নেওয়া। বিভিন্ন ধরনের ফিশিং লিংক ও এসএমএস লিংকে ক্লিক করার মাধ্যমে ফোনের নিয়ন্ত্রণ হ্যাকারদের হাতে চলে যায়। সন্দেহজনক ওয়েবসাইট থেকে প্লে স্টোরের বাইরের অ্যাপ নামালেও একই বিপদ হয়। এসব অ্যাপ নানা ধরনের অনুমতি নিয়ে নেয়, আর এর মধ্য দিয়ে হ্যাকাররা এক থেকে দুই সপ্তাহ ধরে ফোনটি নজরদারি করে। ফোনে কী করা হচ্ছে, কী টাইপ করা হচ্ছে, সবই তারা দেখতে পায়। এ ছাড়া রিমোট অ্যাকসেস ট্রোজান নামের ক্ষতিকর সফটওয়্যারের মাধ্যমেও ফোনের নিয়ন্ত্রণ নেওয়া হয়।
তৃতীয় উপায়টি হলো নম্বরের দখল নেওয়া, যাকে বলা হয় সিম সোয়াপিং। ব্যক্তিগত তথ্য ও জাতীয় পরিচয়পত্রের তথ্য নানা জায়গা থেকে সংগ্রহ করে প্রতারকরা মোবাইল অপারেটরের কাছে নিজেকে আসল গ্রাহক হিসেবে পরিচয় দিয়ে সিম বদলে নেয়। এর মাধ্যমে নম্বরের নিয়ন্ত্রণ নিয়ে তারা ডিজিটাল প্রতারণা করে।
প্রতারণা ঠেকাতে বিশেষজ্ঞের মতে, ৯৯ শতাংশ ক্ষেত্রেই ব্যবহারকারীদের সচেতন হতে হবে। বাকি এক শতাংশ ক্ষেত্রে অপারেটর, ব্যাংক ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণকারী সংস্থার ভূমিকা রয়েছে। অজানা লিংকে ক্লিক না করা, অজানা উৎস থেকে অ্যাপ না নামানো এবং পাবলিক বা ফ্রি ওয়াইফাই ব্যবহারে সতর্ক থাকা জরুরি। কোনো অফার বা সফটওয়্যার আপডেট নামানোর আগে একবার যাচাই করে নিতে হবে।
ব্যাংকের অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে আরও কিছু সতর্কতা রয়েছে। অ্যাপ ব্যবহারের পর লগ আউট করে রাখতে হবে। লগইন অবস্থায় ফোন মোবাইল মেরামতের দোকানে বা অপরিচিত কারও হাতে দেওয়া যাবে না। অ্যাপ ও ব্রাউজারে ফিঙ্গারপ্রিন্ট বা শক্ত পাসওয়ার্ডের নিয়ন্ত্রণ রাখতে হবে।
আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলে আইনি সহায়তা পাওয়ার পথও রয়েছে। এই ধরনের অপরাধ এখন সাইবার অপরাধের আওতায় পড়ে। সাইবার সুরক্ষা অধ্যাদেশের আওতায় থানায় গিয়ে মামলা করা যায়। ব্যাংকও নানাভাবে সহযোগিতা করতে পারে। গ্রাহক, অপারেটর, ব্যাংক ও রাষ্ট্রীয় সংস্থা মিলে তিন স্তরের একটি মনিটরিং সেলও কাজ করছে বলে জানান তিনি।
ব্যাংকিং অ্যাপগুলোর ক্ষেত্রে নিরাপত্তা গাইডলাইন আরও জোরদার করা দরকার বলে মনে করেন বিশেষজ্ঞ। প্রতারণার এই ভয়াবহতা নিয়ন্ত্রণে সচেতনতা বাড়াতে হবে, ব্যাংকগুলোকেও সতর্ক ভূমিকা পালন করতে হবে। ব্যাংক যখন অ্যাপে বিভিন্ন ধরনের নির্দেশনা দেয়, সেগুলো মেনে চলতে হবে। নির্দেশনা না মানলে যেকোনো বিপদের মধ্যে পড়তে হতে পারে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন