অক্টোবর ৩১, ২০২৫, ০৬:৪৫ পিএম
দেশের মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য জরুরি খবর। আগামী ১৬ ডিসেম্বর (২০২৫) থেকে দেশে অবৈধ বা অনিবন্ধিত মোবাইল হ্যান্ডসেট বন্ধ হতে যাচ্ছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এই লক্ষ্যে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) নামে একটি বিশেষ ব্যবস্থা চালু করতে যাচ্ছে।
তবে বিটিআরসি জানিয়েছে, গ্রাহকদের ব্যবহৃত হ্যান্ডসেট নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। চলতি বছরের ১৬ ডিসেম্বরের আগে ব্যবহৃত (সিমকার্ড সচল থাকা) সব হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে। এসব সেটের জন্য আলাদা করে নিবন্ধনের কোনো প্রয়োজন নেই।
তবে অনেক ব্যবহারকারীই জানতে চান, তার হাতে থাকা সেটটির বর্তমান নিবন্ধন অবস্থা কী। বিটিআরসি জানিয়েছে, গ্রাহকরা খুব সহজেই তাদের ব্যবহৃত মোবাইল হ্যান্ডসেটের বর্তমান অবস্থা যাচাই করতে পারবেন। এর জন্য, প্রথমে মোবাইল ফোনের ডায়াল অপশনে গিয়ে *১৬১৬১# নম্বরে ডায়াল করতে হবে।
ডায়াল করার পর স্ক্রিনে একটি স্বয়ংক্রিয় বক্স আসবে, যেখানে হ্যান্ডসেটটির ১৫ সংখ্যার আইএমইআই (IMEI) নম্বরটি লিখে সেন্ড বা প্রেরণ করতে হবে। ফিরতি এক খুদেবার্তায় (এসএমএস) বিটিআরসি থেকে হ্যান্ডসেটটির নিবন্ধন অবস্থা (যেমন: নিবন্ধিত, অনিবন্ধিত বা পূর্বে ব্যবহৃত) জানিয়ে দেওয়া হবে।
এই ইউএসএসডি কোড ছাড়াও বিটিআরসির neir.btrc.gov.bd লিংকের মাধ্যমে সিটিজেন পোর্টালে গিয়ে, মোবাইল অপারেটরের গ্রাহকসেবা কেন্দ্রে অথবা নিকটস্থ কাস্টমার কেয়ারে গিয়েও এই সেবা নেওয়া বা তথ্য যাচাই করা সম্ভব।
বিটিআরসি আরও জানিয়েছে, আগামী ১৬ ডিসেম্বর, ২০২৫ থেকে কোনো গ্রাহক তার ব্যবহৃত হ্যান্ডসেট বিক্রি করতে চাইলে বা অন্য কারও কাছে হস্তান্তর করতে চাইলে, সেটটি অবশ্যই ডি-রেজিস্ট্রেশন (D-Registration) বা নিবন্ধন বাতিল করতে হবে। এই ডি-রেজিস্ট্রেশন করার সময় ব্যবহারকারীকে তার জাতীয় পরিচয়পত্রের (NID) শেষ চারটি সংখ্যা প্রদান করতে হবে। এই প্রক্রিয়াটিও সিটিজেন পোর্টাল (neir.btrc.gov.bd), মোবাইল অপারেটরের পোর্টাল, মোবাইল অ্যাপস অথবা *১৬১৬১# ডায়াল করে সম্পন্ন করা যাবে।
বিটিআরসি মনে করছে, এই নতুন উদ্যোগের ফলে দেশের মোবাইল হ্যান্ডসেট ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত হবে। পাশাপাশি, অবৈধভাবে আমদানি করা, নকল বা ক্লোন আইএমইআই সম্বলিত হ্যান্ডসেটের ব্যবহার রোধে এটি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন