শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

এনভিডিয়ার নতুন প্রধান নির্বাহী হিসেবে টিম কুককে দেখতে চান ট্রাম্প

তথ্যপ্রযুক্তি ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৬, ০৬:৪৯ এএম

এনভিডিয়ার নতুন প্রধান নির্বাহী হিসেবে টিম কুককে দেখতে চান ট্রাম্প

এনভিডিয়ার প্রধান নির্বাহী পদ থেকে পদত্যাগ করেছেন জেনসেন হুয়াং।

প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার প্রধান নির্বাহী পদ থেকে পদত্যাগ করেছেন জেনসেন হুয়াং। তার পদত্যাগের পর কোম্পানিটির নতুন প্রধান নির্বাহী হিসেবে অ্যাপলের সাবেক প্রধান নির্বাহী টিম কুককে উপযুক্ত প্রার্থী বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল এবং একটি পডকাস্টে এই মতামত প্রকাশ করেন তিনি।

জেনসেন হুয়াংয়ের পদত্যাগের খবর সামনে আসার পরপরই ট্রাম্প সামাজিক মাধ্যমে লেখেন, দারুণ এক কাজ করা জেনসেন হুয়াং পদত্যাগ করেছেন, এখন তার স্থলাভিষিক্ত হওয়ার জন্য মাত্র একজনই মানুষ আছেন—অ্যাপলের টিম কুক। একজন কিংবদন্তির জায়গায় আরেকজন কিংবদন্তি আসছেন বলেও মন্তব্য করেন তিনি।

পরে স্টিভেন এ স্মিথের স্ট্রেইট শুটার পডকাস্টের নতুন পর্বে টিম কুকের পক্ষে নিজের যুক্তি তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, টিম কুক অ্যাপলকে বিশ্বের অন্যতম সেরা কোম্পানিতে পরিণত করেছেন। স্টিভ জবসের রেখে যাওয়া দারুণ সব আইডিয়া ও ডিজাইন কাজে লাগিয়ে তিনি স্বল্প সময়ের মধ্যে অসাধারণ সাফল্য এনে দিয়েছেন। এনভিডিয়া পরিচালনার জন্য টিম কুক একজন দুর্দান্ত প্রার্থী হবেন বলেও জানান তিনি।

তবে ট্রাম্পের এমন মন্তব্যের পর অ্যাপল কিংবা এনভিডিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। গত পহেলা সেপ্টেম্বর অ্যাপলের শীর্ষ নির্বাহীর পদ থেকে সরে দাঁড়িয়ে নির্বাহী চেয়ারম্যানের দায়িত্বে যান টিম কুক। এর আগে থেকেই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে।

পডকাস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, পদত্যাগের আগের দিন জেনসেন হুয়াংয়ের সঙ্গে তার কথা হয়েছে। হুয়াং বর্তমানে অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করেন ট্রাম্প। তিনি জানান, হুয়াং মূলত তার স্ত্রী ও পরিবারকে নিয়ে বেশি উদ্বিগ্ন এবং এ বিষয়েই তিনি বেশি অনুতপ্ত বোধ করছেন।

জেনসেন হুয়াংকে একজন অসাধারণ প্রতিভাবান ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ব্যক্তিগত ও পেশাগত নানা বিষয়ের জেরে হুয়াংয়ের পদত্যাগের পর প্রযুক্তি খাতের অন্যান্য নেতার মাঝেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বর্তমানে এনভিডিয়ার কার্যক্রম অন্তর্বর্তীকালীন ভিত্তিতে পরিচালনা করছে প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা।