নভেম্বর ১৩, ২০২৬, ০৬:৩৩ এএম
গেমিং দুনিয়ায় দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জনপ্রিয় অ্যাকশন গেম সিরিজ উলফেনস্টাইনের নতুন কিস্তি আনার ঘোষণা দিয়েছে এক্সবক্স। সম্প্রতি এক সংক্ষিপ্ত বার্তার মাধ্যমে বহুল আলোচিত এই গেমটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এর মধ্য দিয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজির মূল ধারার নতুন গেম আসার বিষয়টি নিশ্চিত হলো। গেমিং ভক্তদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে কাজ শুরু করেছে ডেভেলপার স্টুডিওটি।
উন্নয়নকারী প্রতিষ্ঠান বেথেসার মেশিন গেমসের তৈরি শেষ প্রধান গেম উলফেনস্টাইন টু দ্য নিউ কলোসাস বাজারে এসেছিল ২০১৭ সালে। দীর্ঘ প্রায় এক দশক পর স্টুডিওটি এই গেমের সিক্যুয়েল আনতে চলেছে। নতুন এই গেমটির নাম রাখা হয়েছে উলফেনস্টাইন থ্রি। গেমটির আনুষ্ঠানিক ঘোষণার মাত্র কয়েক দিন আগেই বেথেসা তাদের আরেকটি বড় প্রজেক্ট দ্য এল্ডার স্ক্রলস সিক্স সেন্টিনেল শিরোনামের ঘোষণা দিয়েছিল।
সামাজিক মাধ্যমে এক পোস্টে এক্সবক্সের প্রধান নির্বাহী আশা শর্মা গেমটির নাম প্রকাশ করার পাশাপাশি একটি স্ক্রিপ্টের ছবিও শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন যে এই বিষয়ে আরও তথ্য শেয়ার করার জন্য তারা মুখিয়ে আছেন। অন্যদিকে মেশিন গেমসও একটি পোস্টের মাধ্যমে গেমটি বর্তমানে প্রোডাকশনে রয়েছে বলে নিশ্চিত করেছে। একই সঙ্গে তারা একটি মোশন ক্যাপচার সেশনের ছবিও প্রকাশ করেছে।
প্রকাশিত ছবির সূত্র ধরে জানা গেছে, গেমটির প্রধান চরিত্র উইলিয়াম জোসেফ বি জে ব্লাজকোভিচ চরিত্রে ব্রায়ান ব্লুম এবং গ্রেস ওয়াকার চরিত্রে ডেবরা উইলসন তাদের আগের ভূমিকাগুলোতেই ফিরছেন। মোশন ক্যাপচার সেশনের ছবিতেও এই দুই অভিনেতাকে দেখা গেছে। এর আগে ২০১৯ সালে সিরিজের কো-অপারেটিভ স্পিন-অফ উলফেনস্টাইন ইয়াংব্লাড মুক্তি পেয়েছিল, যেখানে মূল চরিত্রের যমুন কন্যাদের কেন্দ্র করে গল্প এগিয়েছিল।
উল্লেখ্য, ২০১৭ সালে মুক্তি পাওয়া উলফেনস্টাইন টু দ্য নিউ কলোসাস গেমটি এমন এক বিকল্প বিংশ শতকের ষাটের দশকের প্রেক্ষাপটে তৈরি হয়েছিল, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানি জয়লাভ করেছিল। সেই ধারাবাহিকতায় নতুন কিস্তি উলফেনস্টাইন থ্রি গেমটিতেও চমৎকার সব রোমাঞ্চকর কাহিনী ও অভিজ্ঞতা মিলবে বলে আশা করছেন গেমাররা। বর্তমানে গেমটির প্রোডাকশন চলছে এবং ভক্তদের মাঝে এর জনপ্রিয়তা ও উন্মাদনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন