ডিসেম্বর ২২, ২০২৫, ১০:২৯ এএম
তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান জানিয়েছেন, চলতি বছরের প্রথম ১১ মাসে তুরস্কের প্রতিরক্ষা ও বিমান খাতের রপ্তানি রেকর্ড ৭.৪৪৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। শনিবার একটি নৌ প্ল্যাটফর্ম কমিশনিং অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এই তথ্য জানান।
খবর টিআরটি ওয়ার্ল্ডের।এরদোয়ান বলেন, গত বছরের একই সময়ের তুলনায় এ বছর প্রতিরক্ষা খাতে রপ্তানি ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তিনি গর্বের সাথে উল্লেখ করেন যে, তুরস্ক বর্তমানে বিশ্বের ১১তম শীর্ষ প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানিকারক দেশ। তুর্কি প্রেসিডেন্টের মতে, তাদের প্রতিরক্ষা প্রকল্পগুলো কেবল সামরিক সরঞ্জাম তৈরিই নয়, বরং প্রযুক্তিগত সক্ষমতা এবং উদ্ভাবনী শক্তি বৃদ্ধির লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।
সামরিক সক্ষমতা বৃদ্ধির তথ্য দিতে গিয়ে এরদোয়ান জানান, তুরস্ক বিশ্বের সেই ১০টি দেশের একটি, যারা নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধজাহাজ তৈরি ও পরিচালনা করতে পারে। তিনি আরও ঘোষণা করেন যে, তুরস্কের ৩০০ মিটার দীর্ঘ বিশাল এক বিমানবাহী রণতরী নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। স্থল, আকাশ, সমুদ্র এবং সাইবার স্পেসে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও প্রতিরোধ সক্ষমতা বাড়াতে আরও নতুন নতুন প্রকল্প হাতে নেওয়া হবে।
প্রেসিডেন্ট এরদোয়ান জোর দিয়ে বলেন, এই সামরিক বিনিয়োগ কোনো যুদ্ধের প্রস্তুতির জন্য নয়। বরং তিনি বলেন, ‘আমাদের সামরিক খাতে বিনিয়োগ যুদ্ধের জন্য নয়; শান্তি, স্বাধীনতা এবং আমাদের ভবিষ্যৎ রক্ষার জন্য।’ তুরস্কের এই খাত এখন গবেষণা, উন্নয়ন ও উৎপাদনের প্রতিটি পর্যায়ে নিজস্ব জাতীয় সম্পদ ব্যবহার করে স্বাবলম্বী হয়ে উঠছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন