জানুয়ারি ২, ২০২৬, ০৪:৪৭ পিএম
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি আকাশপথ সংযোগ স্থাপনে এক বড় অগ্রগতি লক্ষ্য করা গেছে। দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট পরিচালনা করার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে পাকিস্তান।
শুক্রবার ২ জানুয়ারি পাকিস্তানি সংবাদমাধ্যম সামা নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে যা দুই দেশের মধ্যকার যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যে নতুন এক দিগন্তের সূচনা করবে বলে ধারণা করা হচ্ছে।
পাকিস্তান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) জানিয়েছে যে সরকারের সবুজ সংকেত পাওয়ার পরই বিমান বাংলাদেশকে এই রুট ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
তবে এই অনুমোদন প্রাথমিক পর্যায়ে আগামী বছরের ৩০ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে এবং পরবর্তীতে এর কার্যকারিতা ও ফলাফল বিবেচনা করে সময়সীমা বাড়ানোর বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।অনুমোদন অনুযায়ী করাচি বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য আলাদা একটি স্লট বরাদ্দ করা হয়েছে এবং নির্ধারিত রুট কঠোরভাবে অনুসরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা থেকে প্রতিটি ফ্লাইট উড্ডয়নের আগে করাচি বিমানবন্দর কর্তৃপক্ষকে বিস্তারিত তথ্য প্রদান করতে হবে যাতে নিরাপত্তা ও অপারেশনাল সমন্বয় নিশ্চিত করা সম্ভব হয়।
পাকিস্তানের বিমান চলাচল সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন এই সরাসরি ফ্লাইট চালু হলে উভয় দেশের ভ্রমণকারীদের জন্য বিশেষ সুবিধা তৈরি হবে। বিশেষ করে পর্যটন খাত জনগণ থেকে জনগণের সম্পর্ক উন্নয়ন এবং দক্ষিণ এশীয় অঞ্চলে বাণিজ্যিক সম্প্রসারণের পথ আরও প্রশস্ত হবে। বর্তমান অনুমোদনের ফলে বাংলাদেশি এই এয়ারলাইন্স আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে যাত্রী ও পণ্য পরিবহনের সুযোগ পাবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন