সেপ্টেম্বর ২১, ২০২৬, ১১:০৯ এএম
দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মেকানিক্যাল ডিজাইনার পদে মোট তিনজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত প্রক্রিয়ায় অনলাইনে আবেদন করতে পারবেন।
গত ২০ সেপ্টেম্বর থেকে এই পদে আনুষ্ঠানিক আবেদন গ্রহণ শুরু হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মেকানিক্যাল ডিজাইনার পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। একই সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত এক থেকে পাঁচ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। প্রার্থীদের বিল অফ মেটেরিয়ালস (BOM) প্রস্তুত করা, যন্ত্রাংশের নিখুঁত ম্যাপিং নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক নির্দেশাবলী বাস্তবায়নে প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে। নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত ওয়ালটনের কারখানা কমপ্লেক্সে।
এই পদে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করার সুযোগ পাবেন। আবেদনের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ২২ থেকে সর্বোচ্চ ৩৫ বছর। চাকরিটি সম্পূর্ণ ফুলটাইম এবং নির্বাচিত কর্মীদের সরাসরি অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে।
নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। নিয়মিত বেতনের বাইরে প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, জীবন বিমা, কোম্পানির মুনাফার লভ্যাংশ, কর্মস্থলে দুপুরের খাবার সুবিধা, বার্ষিক বেতন বৃদ্ধি এবং বছরে দুটি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের প্রচলিত নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত শেষ সময় ২৬ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে ওয়ালটনের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন