জানুয়ারি ১৯, ২০২৬, ১০:২৪ এএম
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালীন রাজধানীর চানখারপুলে পুলিশি হামলায় শাহরিয়ার খান আনাসসহ ছয়জনকে হত্যার মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মামলার রায় প্রদান করবেন।
জাতীয় গুরুত্ব বিবেচনা করে এই রায় ঘোষণার কার্যক্রম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে বলে জানানো হয়েছে। ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, জুলাই বিপ্লবের বিচারিক প্রক্রিয়ায় এটি একটি মাইলফলক হতে যাচ্ছে।
আলোচিত এই মামলায় মোট আটজন আসামির বিচার কার্যক্রম পরিচালিত হয়েছে। এর মধ্যে বর্তমানে কারাগারে রয়েছেন শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।
অন্যদিকে, ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম এবং সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল পলাতক রয়েছেন। পলাতক আসামিদের অনুপস্থিতিতেই এই বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন দুপুরে চানখারপুল এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ নির্বিচারে গুলি চালায়।
পুলিশের এই নৃশংস হামলায় শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন। গত ১৪ জুলাই ট্রাইব্যুনাল এই আটজন আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত কাল রায়ের দিন ধার্য করেছেন। রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন