মে ১১, ২০২৬, ১১:৪০ এএম
গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না বলে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি সোমবার সকালে প্রকাশিত হয়েছে। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ থেকে এই গুরুত্বপূর্ণ রায়টি এসেছে। এর আগে ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি আদালত এই আদেশ ঘোষণা করলেও আজ পূর্ণাঙ্গ রায় প্রকাশের মাধ্যমে এর বিস্তারিত পর্যবেক্ষণ সবার সামনে এল।
হাইকোর্টের এই রায়ে পরিষ্কারভাবে বলা হয়েছে যে অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ এবং তা প্রকাশ করা নারীর প্রতি বৈষম্য সৃষ্টির অন্যতম কারণ। আদালত মনে করে এই ধরনের চর্চা কন্যাশিশু হত্যার প্রবণতা বাড়িয়ে দেয় এবং সমাজে এক ধরনের ভারসাম্যহীনতা তৈরি করে যা আমাদের সাংবিধানিক অধিকারের পুরোপুরি পরিপন্থি।
আদালতের পর্যবেক্ষণে এই বিষয়টিকে শুধু একটি সামাজিক সমস্যা হিসেবে নয় বরং আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতার লঙ্ঘন হিসেবে চিহ্নিত করা হয়েছে। রায়ে উল্লেখ করা হয়েছে যে গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশ করা নারীর মর্যাদা এবং জীবনের অধিকারের ওপর আঘাত হানে।
দীর্ঘদিন ধরে বাংলাদেশে এই লিঙ্গ নির্ধারণ ও প্রকাশের ওপর কোনো কার্যকর নিয়ন্ত্রণ বা তদারকি ব্যবস্থা ছিল না বলেই আদালত মনে করে। বিচারকরা তাদের পর্যবেক্ষণে বলেছেন যে কেবল স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি নীতিমালা বা গাইডলাইন তৈরি করলেই এই অনৈতিক চর্চা বন্ধ করা যাবে না। এর জন্য প্রয়োজন কঠোর ডিজিটাল নজরদারি এবং প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা।বাস্তবায়ন ও তদারকির অভাব থাকলে যেকোনো ভালো উদ্যোগও ব্যর্থ হতে পারে বলে আদালত সর্তক করেছে।
দেশের প্রতিটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে যাতে এই নির্দেশ যথাযথভাবে পালিত হয় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল হতে হবে। রায়ে বলা হয়েছে যে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সুযোগ ব্যবহার করে লিঙ্গ বৈষম্য করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই পূর্ণাঙ্গ রায় প্রকাশের ফলে এখন থেকে চিকিৎসকদের জন্য রোগীর স্বজনদের কাছে গর্ভের সন্তানের পরিচয় প্রকাশ করা আইনত দণ্ডনীয় হিসেবে বিবেচিত হবে। মূলত একটি লিঙ্গ বৈষম্যহীন সমাজ গঠন এবং মাতৃগর্ভে থাকা শিশুদের জীবনের অধিকার রক্ষা করতেই এই যুগান্তকারী রায় প্রদান করা হয়েছে বলে আইন বিশেষজ্ঞরা মনে করছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন