রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শীতকালীন ফল পানিফল খেলে মিলবে যেসব স্বাস্থ্য উপকারিতা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৯, ২০২৫, ০৭:১৭ পিএম

শীতকালীন ফল পানিফল খেলে মিলবে যেসব স্বাস্থ্য উপকারিতা

শীতের মৌসুমে বাজারে পাওয়া যায় নানা রকম পুষ্টিকর ফল। এসব ফল যেমন ভিটামিন ও মিনারেলসের ঘাটতি পূরণ করে, তেমনি মৌসুম পরিবর্তনজনিত রোগ প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শীতকালীন এসব ফলের মধ্যে পানিফল বা শিংড়া অনেকের পছন্দের তালিকায় না থাকলেও এর স্বাস্থ্য উপকারিতা কিন্তু বহুমুখী।

ডায়াবেটিস এডুকেটর ও পুষ্টিবিদদের মতে, এই ফলটি পুষ্টিগুণে ভরপুর এবং শরীর সুস্থ রাখতে অনন্য ভূমিকা রাখে। শিংয়ের মতো খাঁজকাটা আকৃতির জন্যই ফলটিকে শিংড়া নামেও ডাকা হয়।

খাদ্য উপযোগী ১০০ গ্রাম পানিফলে রয়েছে প্রায় ৬৫ কিলোক্যালরি শক্তি। এটিতে ৮৪ দশমিক ৯ গ্রাম জলীয় অংশ, ২ দশমিক ৫ গ্রাম আমিষ, ১১ দশমিক ৭ গ্রাম শর্করা বিদ্যমান। এটি ভিটামিন সি (১৫ মিলিগ্রাম), ভিটামিন বি১, ভিটামিন বি২, লৌহ এবং ক্যালসিয়ামসহ প্রয়োজনীয় খনিজে সমৃদ্ধ।

পানিফলের স্বাস্থ্য উপকারিতাগুলো বিস্ময়কর। এটি পটাশিয়ামের প্রাকৃতিক উৎস এবং এতে সোডিয়ামের পরিমাণ কম থাকায় স্ট্রোক ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে সহায়তা করে। এছাড়াও এটি শরীর ঠাণ্ডা রাখতে এবং দেহ থেকে টক্সিন দূরীকরণে দারুণ কার্যকর। ফলটি অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় কোষ মেরামত ও প্রদাহ কমাতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, পানিফলে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল গুণ রয়েছে এবং এটি অ্যান্টি–ক্যান্সার হিসেবেও কাজ করতে পারে।

এছাড়াও হজম সমস্যা, বমিভাব, গ্যাস্ট্রিক ও আইবিএস কমাতে এটি সহায়ক। উচ্চ ফাইবার থাকার কারণে এটি পেট ভরা রাখতে সাহায্য করে, ফলে ওজন কমাতেও সহায়তা করে। রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখায় এটি ডায়াবেটিক রোগীদের জন্যও উপকারী। এটি অনিদ্রা, দুর্বলতা, সর্দি, ব্রংকাইটিস ও অ্যানিমিয়া উপশমে উপকারী ভূমিকা রাখে। এমনকি ত্বক উজ্জ্বল রাখা ও চুল মজবুত করতেও পানিফল কার্যকর। বিশেষজ্ঞরা মনে করেন, শীতকালে সহজলভ্য এই ফলের নিয়মিত ও সঠিক গ্রহণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়।