অক্টোবর ৯, ২০২৫, ১১:০৭ পিএম
ফিলিস্তিনের গাজা উপত্যকায় দুই বছর ধরে চলা সংঘাতের পর যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারি। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি গাজায় স্থায়ী শান্তির জন্য দোয়া করেন।
ফেসবুক পোস্টে আজহারি লেখেন, “এই বিরতি বয়ে আনুক শান্তির সুবাতাস। আর কোনো কান্না নয়, স্থায়ী স্বস্তি ফিরে আসুক গাজার বুকে।” পোস্টের মন্তব্যে তিনি আরও যোগ করেন, “নিশ্চই কষ্টের সাথেই স্বস্তি আছে।” তার এই পোস্টটি দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং হাজার হাজার মানুষ এতে ইতিবাচক প্রতিক্রিয়া জানান।
এদিকে, গাজায় যুদ্ধবিরতির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্বাস করে যে কোনো সংঘাত সমাধানে কূটনীতি ও সংলাপই একমাত্র পথ। ঢাকা আশা করে, এই প্রক্রিয়াটি গাজায় অবিলম্বে একটি স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করবে এবং ফিলিস্তিনের জনগণের দুর্ভোগের অবসান ঘটাবে।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি তার অটল সমর্থন পুনর্ব্যক্ত করছে, যেখানে পূর্ব জেরুজালেম হবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী।উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাস একটি যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায় বাস্তবায়নে সম্মত হওয়ার পর বৃহস্পতিবার থেকে গাজায় এই বিরতি কার্যকর হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন