রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

এ দেশ কবে বাসযোগ্য হবে অপ্রতিম হত্যার পর আহমাদুল্লাহর প্রশ্ন

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২০, ২০২৬, ০৫:৩৬ পিএম

এ দেশ কবে বাসযোগ্য হবে অপ্রতিম হত্যার পর আহমাদুল্লাহর প্রশ্ন

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

পাবনায় দশ বছরের এক কন্যাশিশু এবং কক্সবাজারে পিটিয়ে হত্যার রেশ কাটতে না কাটতেই কুমিল্লার কিশোর অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামিক বক্তা শায়খ আহমাদুল্লাহ। রোববার নিজের যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে এই প্রতিক্রিয়া জানান। 

শায়খ আহমাদুল্লাহ উল্লেখ করেন, পাবনার শিশু কামরুন্নাহার কলির মর্মান্তিক মৃত্যু এবং কক্সবাজারে চোর সন্দেহে এক তরুণকে পিটিয়ে হত্যার শোক কাটিয়ে ওঠার আগেই কুমিল্লার হৃদয়বিদারক ঘটনায় সারা দেশের মানুষ স্তব্ধ হয়ে পড়েছে। আইন-শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা নিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করেন তিনি। তিনি প্রশ্ন তোলেন, এই ভূখণ্ডকে সাধারণ মানুষ আর কবে পুরোপুরি বাসযোগ্য করে গড়ে তুলতে পারবে।

নিহত কলি ও অপ্রতিমের শোকাহত পিতা-মাতা সহ সম্প্রতি স্বজন হারানো প্রতিটি পরিবারের জন্য দ্রুত সুবিচার কামনা করেন তিনি। শায়খ আহমাদুল্লাহ জোরালো দাবি জানান যে সমাজে অপরাধীদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির একটি কার্যকর সংস্কৃতি গড়ে তুলতে হবে। একই সঙ্গে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর সর্বোচ্চ জোর দিয়ে তিনি উল্লেখ করেন যে একটি মানবিক ও নিরাপদ বাংলাদেশের স্বপ্নই এখন সবার প্রত্যাশা হওয়া উচিত।