সেপ্টেম্বর ১৬, ২০২৬, ০৯:৪৬ পিএম
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পেইজের লাইক ও ফলোয়ার বাড়াতে সরাসরি বিজ্ঞাপন দেওয়ার প্রচলিত সুবিধাটি নিয়ে নতুন করে তীব্র অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিগত এক সপ্তাহ ধরে বিশ্বের বহু বিজ্ঞাপনদাতা মেটার বিজ্ঞাপন ব্যবস্থাপনায় পেইজ লাইক অপশনটি নির্বাচন করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন। প্ল্যাটফর্মটির পক্ষ থেকে ব্যবহারকারীদের সরাসরি জানানো হচ্ছে যে লাইক বাড়ানোর এই নির্দিষ্ট লক্ষ্যটি আর কার্যকর নেই।
বিজ্ঞাপনে সরাসরি লাইকের বদলে পেইজ পরিদর্শনের ওপর জোর দেওয়া হচ্ছে। বিজ্ঞাপনদাতাদের ড্যাশবোর্ডে এখন স্বয়ংক্রিয়ভাবে পেইজ ভিজিট বাড়ানোর বিকল্পটি নির্ধারণ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ পূর্বের মতো ব্যবহারকারীরা নিউজফিডে ভেসে ওঠা বিজ্ঞাপনের ওপর একক ক্লিকে লাইক বা ফলো করতে পারবেন না; বরং বিজ্ঞাপনে ক্লিক করলে তাঁদের সরাসরি সংশ্লিষ্ট পেইজের ভেতরে নিয়ে যাওয়া হবে।
সেখানে প্রকাশিত কনটেন্ট ও তথ্যের মান ভালো লাগলে ব্যবহারকারী নিজস্ব পছন্দে পেইজটি ফলো করবেন। মেটার মালিকানাধীন আরেক প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামেও একই ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। বিশ্বজুড়ে ডিজিটাল বিপণনকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে এই পরিবর্তন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। কোনো কোনো বিজ্ঞাপনদাতা জানাচ্ছেন যে তাঁদের অ্যাকাউন্ট থেকে সুবিধাটি পুরোপুরি সরিয়ে নেওয়া হয়েছে, আবার অনেকের অ্যাকাউন্টে এখনও আগের নিয়মেই পেইজ লাইক ক্যাম্পেইন পরিচালনা করা যাচ্ছে।
ফলে মেটা এই সুবিধাটি স্থায়ীভাবে বন্ধ করে দিল, নাকি কেবল নির্দিষ্ট কিছু অ্যাকাউন্টে পরীক্ষামূলকভাবে এটি চালু করা হয়েছে—সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট ঘোষণা আসেনি। প্রযুক্তি জায়ান্টটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি না আসায় পুরো বিষয়টি ধোঁয়াশায় রয়েছে। ডিজিটাল বিশ্লেষকদের মতে, এই পরিবর্তন যদি শেষ পর্যন্ত স্থায়ী রূপ নেয়, তবে কনটেন্ট নির্মাতাদের কৌশল পুরোপুরি বদলাতে হবে।
সরাসরি বিজ্ঞাপনের ওপর নির্ভর না করে নিয়মিত মানসম্মত ও আকর্ষণীয় কনটেন্ট তৈরির মাধ্যমে অর্গানিক রিচ অর্জনের দিকেই মনোযোগ দিতে হবে উদ্যোক্তাদের। পাশাপাশি যেসকল দর্শক নিয়মিত পেইজের বিভিন্ন পোস্টে ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন, তাঁদেরকে সরাসরি পেইজে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানানোর কৌশলকে আরও কার্যকর করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন