বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬,

প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৭, ২০২৬, ০৭:৫২ পিএম

প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন

চিকিৎসক ডা. খাইরাতুন হিসান কেয়া

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রসবকালে নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ ওঠার পর সাংবাদিকদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট চিকিৎসক ডা. খাইরাতুন হিসান কেয়া। মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, প্রসব বেদনা উঠলে যেন সবাই সাংবাদিকদের কাছে যান।

ওই পোস্টে ডা. কেয়া উল্লেখ করেন, "আপনারা একটা কাজ করবেন, এখন থেকে ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন অথবা ব্যথা কেন উঠছে না, পানি কেন ভাঙছে—এই যাবতীয় সিদ্ধান্ত সাংবাদিকের কাছ থেকে নিয়ে তাকেই বলবেন চিকিৎসাটা করতে।"

স্থানীয় গণমাধ্যমকর্মীদের ভাষ্য, নবজাতকের মৃত্যুর ঘটনায় তার বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরপরই ক্ষুব্ধ হয়ে তিনি এমন মন্তব্য করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে চিকিৎসকের এহেন বক্তব্যে স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, সম্প্রতি চৌদ্দগ্রাম উপজেলার খামার পুষ্করণী গ্রামের প্রসূতি নাজমা আক্তারের সন্তান প্রসবের সময় ডা. কেয়ার বিরুদ্ধে মারাত্মক অবহেলার অভিযোগ তোলেন রোগীর স্বজনরা। তাদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে জোরপূর্বক স্বাভাবিক প্রসবের (নরমাল ডেলিভারি) চেষ্টা চালানো হয়। একপর্যায়ে নবজাতকের মৃত্যু ঘটে।

পরবর্তীতে মৃত নবজাতকের মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে বলে দাবি করেন স্বজনরা। একই সঙ্গে সংকটাপন্ন অবস্থায় প্রসূতি নাজমা আক্তারকে দ্রুত কুমিল্লা শহরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ডা. খাইরাতুন হিসান কেয়া জানান, তিনি স্বাভাবিক প্রসবের চেষ্টাই করেছিলেন। তবে রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে দ্রুত কুমিল্লায় পাঠিয়ে দেওয়া হয়। নবজাতকের মৃত্যু ও মাথায় আঘাতের চিহ্নের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এ নিয়ে রোগীর পরিবারের সঙ্গেই কথা বলার পরামর্শ দেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশীদ আহমেদ চৌধুরী তোফায়েল জানিয়েছেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ সংক্রান্ত লিখিত অভিযোগ পাওয়া গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।