নভেম্বর ২৮, ২০২৫, ০২:৫০ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মত বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন।
এই প্রক্রিয়ায় ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে আজ শুক্রবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট ৭০ হাজার ৬৬০ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।
নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে, নিবন্ধনকারীদের মধ্যে ৫৯ হাজার ৫১০ জন পুরুষ ভোটার এবং ১১ হাজার ১৫০ জন নারী ভোটার রয়েছেন।
নিবন্ধনের ক্ষেত্রে দেশভিত্তিক এগিয়ে থাকা দেশগুলো হলো:
যুক্তরাষ্ট্র: ১৪ হাজার ২৩৬ জন
দক্ষিণ কোরিয়া: ৯ হাজার ৭৫ জন
কানাডা: ৭ হাজার ৮৭ জন
জাপান: ৬ হাজার ৪৫২ জন
অস্ট্রেলিয়া: ৬ হাজার ২৭ জন
দক্ষিণ আফ্রিকা: ৪ হাজার ৪৮০ জন
৭ দেশে সাময়িক স্থগিতাদেশ ও পুনরায় চালুর প্রচেষ্টা
প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রথমবারের মত চালু হওয়া এই অ্যাপে ঠিকানা ভুল ও অসম্পূর্ণ তথ্যের কারণে সৌদি আরবসহ ৭টি দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ছিল।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, ব্যালট পেপার পৌঁছাতে হলে ঠিকানা অবশ্যই ইংরেজিতে এবং পূর্ণ পোস্ট কোডসহ দেওয়া আবশ্যক। অনেকেই ম্যান্ডেটরি ফিল্ডে ভুল বা অসম্পূর্ণ তথ্য দিচ্ছিলেন। তবে আজ (শুক্রবার) এই ৭ দেশে নিবন্ধন কার্যক্রম পুনরায় চালুর প্রচেষ্টা চলছে।
আগে অঞ্চলভিত্তিক সময়সীমা থাকলেও, এখন ইসি সেই সীমাবদ্ধতা তুলে নিয়েছে। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বাংলাদেশ সময় আগামী ১৮ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া বিশ্বের সব দেশের জন্য উন্মুক্ত থাকবে।পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য প্রবাসী ভোটারকে অবশ্যই যেখান থেকে ভোট দেবেন সেদেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন