বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের মহাসমাবেশ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৬, ২০২৫, ০৩:৪০ পিএম

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের মহাসমাবেশ

নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারী দাবি ঐক্য পরিষদের উদ্যোগে এক বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) এই মহাসমাবেশটি জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এই সমাবেশ থেকে সারাদেশের সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য দাবি পূরণে অন্তর্বর্তী সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন।

মহাসমাবেশে প্রাণের উচ্ছ্বাস ও ন্যায্য দাবি তুলে ধরতে বাংলাদেশ ডাক বিভাগের হাজারো কর্মচারী ঢাকা জিপিও থেকে বর্ণাঢ্য মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন।

বাংলাদেশ ডাক কর্মচারী সমন্বয় পরিষদের আহ্বায়ক এবং সরকারি কর্মচারী বাস্তবায়ন ঐক্য পরিষদের সমন্বয়ক মো. আমিনুর রহমান তার জোরালো বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন,

এই মহাসমাবেশে উপস্থিত লাখো কর্মচারীর হৃদয়ের স্পন্দন যদি সরকার অনুভব করতে ব্যর্থ হয়, তার দায়ভার সরকারকেই নিতে হবে। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ছিল বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক সোনার বাংলাদেশ গঠন। সেই চেতনাকে ধারণ করেই কর্মচারীদের দাবির প্রেক্ষিতে সরকার জাতীয় পে কমিশন ২০২৫ গঠন করে এবং বিভিন্ন স্টেকহোল্ডার ও কর্মচারী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে।তিনি আরও উল্লেখ করেন, ডাক বিভাগের প্রতিনিধিরাও কমিশনের সভায় লিখিত প্রস্তাবনা উপস্থাপন করেছিলেন।

কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টার আকস্মিক নেতিবাচক মন্তব্যে প্রায় ১৮ লাখ সরকারি কর্মচারীর মনে গভীর হতাশা, ক্ষোভ ও আস্থাহানি সৃষ্টি হয়েছে। আমিনুর রহমান স্পষ্ট ভাষায় বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে ১৮ লাখ কর্মচারী পরিবারকে ক্ষুধার্ত রেখে কোনো সংস্কার সফল হতে পারে না।এই মহাসমাবেশ থেকে কর্মচারীদের পক্ষ থেকে মূল দাবি হিসেবে জানানো হয়, নবম পে স্কেল বাস্তবায়নই শহীদদের রক্তের প্রতি ইতিহাসের ঋণ পরিশোধ।

এই দাবি পূরণের জন্য তারা ১৫ ডিসেম্বরের মধ্যে পে স্কেলের গেজেট প্রকাশ করার আহ্বান জানান। তারা হুঁশিয়ারি দেন যে, নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নেওয়া হলে কঠোর আন্দোলনের মাধ্যমে নবম পে স্কেল আদায় করা হবে। মিছিলে নেতৃত্ব দেন ডাক বিভাগের বিভিন্ন দপ্তরের নেতা মো. আমিনুর রহমান, মো. সাদরুল আমিন, রোকন উদ্দিন, সিরাজুল ইসলাম, মোহাম্মদ জাকির হোসেন এবং ডাক জীবন বীমার আব্দুল কুদ্দুসসহ অনেকে।