ডিসেম্বর ২১, ২০২৫, ০৬:৩৩ পিএম
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি এবং চলমান বিশেষ অভিযান নিয়ে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেও শেষ মুহূর্তে উপস্থিত হননি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় নির্ধারিত সময়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই ব্রিফিং অনুষ্ঠিত হলেও উপদেষ্টার অনুপস্থিতি উপস্থিত সাংবাদিকদের মধ্যে বিস্ময় সৃষ্টি করে।
এর আগে সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান গণমাধ্যমকে জানিয়েছিলেন যে, বিকেল সাড়ে ৫টায় স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই সাংবাদিকদের মুখোমুখি হবেন।
এবং ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন। তবে ব্রিফিংয়ের সময় দেখা যায়, উপদেষ্টার পরিবর্তে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা গণমাধ্যমের সামনে আসেন।ব্রিফিংয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা চলমান বিশেষ অভিযানের অগ্রগতি তুলে ধরেন। তারা জানান, দেশজুড়ে অপরাধীদের দমনে যৌথবাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
তবে স্বরাষ্ট্র উপদেষ্টা কেন উপস্থিত হতে পারেননি বা শেষ মুহূর্তে তার কর্মসূচি কেন পরিবর্তন করা হলো, সে বিষয়ে মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনো সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।উল্লেখ্য, সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল ছাত্র-জনতা। সেই সময়সীমা শেষ হওয়ার দিনেই এই জরুরি ব্রিফিং ডাকা হয়েছিল। উপদেষ্টার অনুপস্থিতিতে এখন বিষয়টি নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন