ডিসেম্বর ২৩, ২০২৫, ১০:০০ এএম
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটোরিয়ামে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে।
বৈঠকে দেশের সকল বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি), জেলা প্রশাসক (ডিসি) এবং পুলিশ সুপারদের (এসপি) নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত বিশেষ দিকনির্দেশনা দেওয়া হবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।
এছাড়া অন্যান্য নির্বাচন কমিশনারগণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মাঠ কর্মকর্তাদের করণীয় সম্পর্কে ব্রিফ করবেন। এই ব্রিফিংয়ে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং মহাপুলিশ পরিদর্শক (আইজিপি)।ইসি সচিবালয় সূত্র জানায়, সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট গ্রহণের তারিখ চূড়ান্ত হওয়ার পর এটিই মাঠ প্রশাসনের সাথে কমিশনের প্রথম বড় আকারের সমন্বয় সভা।
এই সভায় মূলত ভোটার তালিকা, ভোটকেন্দ্রের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে। নির্বাচনের সময় মাঠ পর্যায়ে প্রশাসন ও পুলিশের সমন্বয় কীভাবে আরও জোরদার করা যায়, সে বিষয়ে সুস্পষ্ট রূপরেখা দেবেন সিইসি। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সরকারের দৃঢ় অবস্থানের কথাও কর্মকর্তাদের মনে করিয়ে দেওয়া হবে এই সভায়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন