জানুয়ারি ৫, ২০২৬, ০৭:২৫ পিএম
বর্তমান সরকার যাত্রীসাধারণের কাছে যৌক্তিক ও ন্যায্যমূল্যে বিমান টিকিট পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্য অর্জনে এবং আকাশপথ পরিবহণ খাতে সুশাসন নিশ্চিত করতে ‘ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ২০২৬’ গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন এসব তথ্য জানান।
এ সময় বিমান মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান ও অতিরিক্ত সচিব ফারহিম ভীনা উপস্থিত ছিলেন।টিকিট সিন্ডিকেট ও প্রতারণা রোধে কঠোরতা উপদেষ্টা বলেন, টিকেটের দাম বর্তমানে কিছুটা কমলেও আমরা আরও কমাতে চাই।
অফলাইন ও অনলাইন ট্রাভেল এজেন্সি পরিচালনায় স্বচ্ছতা আনতে এই অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে।সচিব নাসরিন জাহান জানান, ২০২৫ সালে ফ্লাইট এক্সপার্ট, এফইবিডি-সহ বেশ কিছু অনলাইন এজেন্সি গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়ে যাওয়ায় নতুন আইনে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
নতুন অধ্যাদেশের মূল বৈশিষ্ট্যসমূহ:
ব্যাংক গ্যারান্টি: অনলাইন ট্রাভেল এজেন্সির (OTA) জন্য ১ কোটি টাকা এবং অফলাইন এজেন্সির জন্য ১০ লাখ টাকা ব্যাংক গ্যারান্টি বাধ্যতামূলক করা হয়েছে।
টিকিটের তথ্য: টিকিটের গায়ে এজেন্সির নাম, নিবন্ধন নম্বর এবং টিকিটের প্রকৃত মূল্য লেখা বাধ্যতামূলক।
সিন্ডিকেট প্রতিহত: ভুয়া বা ‘ফলস বুকিং’ এর মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টিকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। প্রতিটি এজেন্সিকে সরাসরি এয়ারলাইন্স বা নির্ধারিত সোর্স থেকে টিকিট সংগ্রহ করতে হবে।
প্রবাসী সুরক্ষা: প্রবাসী কর্মীদের অতিরিক্ত ভাড়া আদায় বা ভুয়া টিকিটে প্রতারণা করলে নিবন্ধন বাতিল ও শাস্তির বিধান রাখা হয়েছে।
নতুন আইনে বিধি লঙ্ঘনের দায়ে সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড বা ১০ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তির দেশত্যাগ রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞার ব্যবস্থাও রাখা হয়েছে।এক প্রশ্নের জবাবে উপদেষ্টা শেখ বশির উদ্দিন নিশ্চিত করেন যে, বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা সম্ভব হচ্ছে না। তিনি জানান, জাপানি কর্তৃপক্ষের সঙ্গে অনেক দরকষাকষি করা হলেও কারিগরি ও পদ্ধতিগত কারণে এটি সচল করার চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী নির্বাচিত সরকার গ্রহণ করবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন