রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঢাকা জুড়ে তীব্র গ্যাস সংকট: চুলা জ্বলছে না অধিকাংশ এলাকায়

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৭, ২০২৬, ১০:১০ এএম

ঢাকা জুড়ে তীব্র গ্যাস সংকট: চুলা জ্বলছে না অধিকাংশ এলাকায়

রাজধানী ঢাকা ও এর আশপাশের আবাসিক এলাকাগুলোতে গ্যাসের তীব্র সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নিয়মিত বিল পরিশোধ করেও তিতাসের লাইনে গ্যাস না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন গ্রাহকরা। যাত্রাবাড়ী, মিরপুর, মোহাম্মদপুর, মগবাজার এবং পুরান ঢাকাসহ অধিকাংশ এলাকায় দিনের বেলা চুলা জ্বলছে না।

গভীর রাত ছাড়া রান্নাবান্নার সুযোগ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। অনেক পরিবার বাধ্য হয়ে ইলেকট্রিক চুলা বা এলপিজি সিলিন্ডার ব্যবহার করছেন।

 কিন্তু সেখানেও সিন্ডিকেটের কারণে বাড়তি দাম গুনতে হচ্ছে নির্ধারিত ১,২৫৩ টাকার সিলিন্ডার কোথাও কোথাও ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

তিতাস গ্যাসের তথ্যমতে, গত অর্থবছরে যে পরিমাণ গ্যাস সিস্টেম লস বা অপচয় হয়েছে, তা দিয়ে ৩০ লাখ চুলায় সারা বছর তিন বেলা রান্না করা সম্ভব হতো। পেট্রোবাংলার পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় অভ্যন্তরীণ উৎপাদন দিনে প্রায় ২৫ কোটি ঘনফুট কমে গেছে।

তিতাসের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ জানান, শীতকালে পাইপলাইনে চাপ কম থাকে এবং শিল্পের উৎপাদন সচল রাখতে গিয়ে আবাসিকে সরবরাহ কিছুটা কমাতে হয়েছে। নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার এবং পুরনো কূপ সংস্কার না করলে এই সংকট নিরসন কঠিন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।