বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ইসিতে দায়ের করা আপিলের শুনানি ১০-১৮ জানুয়ারি

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৯, ২০২৬, ০৪:২৯ পিএম

ইসিতে দায়ের করা আপিলের শুনানি ১০-১৮ জানুয়ারি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনে (ইসি) দায়ের করা আপিলগুলোর শুনানি আগামী ১০ জানুয়ারি (শনিবার) থেকে শুরু হয়ে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। শুক্রবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আরিফুর রহমান স্বাক্ষরিত এক নির্দেশনায় এই সময়সূচি এবং শুনানিসংক্রান্ত বিধিনিষেধ জানানো হয়েছে।

মনোনয়নপত্র বাতিল হওয়া বা গ্রহণ হওয়ার বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তিরা যে আপিল করেছেন, তা নিষ্পত্তির লক্ষ্যেই এই শুনানি অনুষ্ঠিত হবে।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, শুনানিকালে কক্ষে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে। প্রতিটি আপিলের শুনানির সময় আপিলকারীসহ সর্বোচ্চ তিনজনের বেশি কেউ শুনানি কক্ষে প্রবেশ করতে পারবেন না।

কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং শুনানিকালে যথাযথ শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই কমিশন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।এদিকে নির্বাচন ও আসন্ন গণভোটকে সামনে রেখে নির্বাচনী সামগ্রীর নিরাপত্তা নিশ্চিতেও কঠোর অবস্থানে রয়েছে ইসি। বৃহস্পতিবার রাতে ইসি সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখা থেকে জারি করা এক পরিপত্রে ব্যালট পেপার, অফিশিয়াল সিল ও ব্রাস সিলের সর্বোচ্চ গোপনীয়তা রক্ষার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, ভোটকেন্দ্রভিত্তিক বিতরণ করা নির্বাচনী সামগ্রী পৌঁছানোর পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগের তালিকার সঙ্গে মিলিয়ে সব ফরম, প্যাকেট ও খাম যাচাই করতে হবে। যদি কোনো সামগ্রী কম বা বেশি পাওয়া যায়, তবে তাৎক্ষণিকভাবে বিষয়টি জেলা নির্বাচন কর্মকর্তাকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্বচ্ছ ও প্রশ্নবিদ্ধহীন নির্বাচন আয়োজনে কমিশন ধাপে ধাপে এসব কঠোর পদক্ষেপ গ্রহণ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।আগামী ১৮ জানুয়ারির মধ্যে সব আপিল নিষ্পত্তি শেষে ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।