বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

সেনাপ্রধানের সঙ্গে ইতালি প্রতিনিধিদলের সাক্ষাৎ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২১, ২০২৬, ১০:৪৮ এএম

সেনাপ্রধানের সঙ্গে ইতালি প্রতিনিধিদলের সাক্ষাৎ

ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি অব স্টেট মাত্তেও পেরেগ্রা দি ক্রেমনাগোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল মঙ্গলবার (২০ জানুয়ারি) সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলবিনিময়ের পাশাপাশি দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠককালে ইতালির আন্ডারসেক্রেটারি অব স্টেট বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা উন্নয়নে ইতালি সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরণের সহায়তা প্রদানের আগ্রহ ব্যক্ত করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অসামান্য নিষ্ঠা ও পেশাদারির উচ্চ প্রশংসা করেন। 

এ সময় তিনি সুদানের আবেইতে কর্তব্যরত অবস্থায় শহীদ হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করেন। এই সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন।এদিকে, একই দিনে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোগামী শান্তিরক্ষী কন্টিনজেন্টের সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেছেন। ঢাকা সেনানিবাসের বিমানবাহিনী সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কঙ্গোতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রতিস্থাপিত হতে যাওয়া ‍‍`অ্যাভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিট বানাটু-১৪‍‍` এর ৬২ জন সদস্যকে ব্রিফিং করেন।

বিমানবাহিনী প্রধান তাঁর বক্তব্যে জাতিসংঘ মিশনে শৃঙ্খলা, সততা ও পেশাদারির সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে দেশের জন্য সুনাম বয়ে আনার আহ্বান জানান। অনুষ্ঠানে বিমানবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিশেষে মিশনের সাফল্য ও দেশ-জাতির মঙ্গল কামনায় এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মূলত সামরিক ও বৈশ্বিক শান্তি রক্ষায় বাংলাদেশের সক্রিয় ভূমিকার অংশ হিসেবে এই কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে।