জানুয়ারি ২৫, ২০২৬, ০৯:২৭ পিএম
দেশের বীর মুক্তিযোদ্ধা এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য বড় সুখবর দিয়েছে অন্তর্বর্তী সরকার। বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মাসিক ভাতার হার ৫ হাজার টাকা বৃদ্ধি করে ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আজ রোববার (২৫ জানুয়ারি) দুপুরে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩২তম সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। আগে মুক্তিযোদ্ধারা প্রতি মাসে ২০ হাজার টাকা করে ভাতা পেতেন।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা ও হার বৃদ্ধি: সভায় ২০২৬-২৭ অর্থবছরের জন্য মোট ১৫টি সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীর সংখ্যা ও ভাতার হার পুনর্নির্ধারণ করা হয়েছে।
বয়স্ক ভাতা: সুবিধাভোগীর সংখ্যা ১ লাখ বাড়িয়ে ৬২ লাখ করা হয়েছে। সাধারণ বয়স্ক ভাতা ৬৫০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা এবং ৯০ বছরের ঊর্ধ্বদের জন্য ১০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা: ২৯ লাখ বিধবার মধ্যে সাধারণ ভাতা ৭০০ টাকা এবং ৯০ ঊর্ধ্বদের জন্য ১০০০ টাকা করা হয়েছে।
প্রতিবন্ধী ভাতা: ৩৬ লাখ প্রতিবন্ধীর জন্য মাসিক ভাতা ৯০০ টাকা এবং বিশেষ ক্ষেত্রে ১০০০ টাকা করা হয়েছে। শিক্ষার্থীদের উপবৃত্তি স্তভেভে ৫০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।
ক্যান্সার ও জটিল রোগ: ক্যান্সার, কিডনি বা লিভার সিরোসিসে আক্রান্তদের এককালীন চিকিৎসা সহায়তা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা (দ্বিগুণ) করা হয়েছে।
জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্বীকৃতি: সভায় প্রথমবারের মতো জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতদের মাসিক সম্মানি ভাতাকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত করার সুপারিশ করা হয়েছে। এটি ছাত্র-জনতার বিপ্লবে ত্যাগ স্বীকারকারীদের প্রতি রাষ্ট্রীয় স্বীকৃতির একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
খাদ্য ও মৎস্য সহায়তা: খাদ্য মন্ত্রণালয়ের খাদ্যবান্ধব কর্মসূচিতে উপকারভোগী পরিবারের সংখ্যা ৫ লাখ বাড়িয়ে ৬০ লাখে উন্নীত করা হয়েছে। এই পরিবারগুলো মাসে ৩০ কেজি চাল মাত্র ১৫ টাকা কেজি দরে কিনতে পারবেন। এছাড়া মৎস্যজীবীদের সহায়তায় ভিজিএফ কর্মসূচির আওতায় নতুন ২ লাখ ৭৩ হাজার ৫১৪ জন জেলেকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার ফলে মোট ১৫ লাখ জেলে এই সুবিধা পাবেন।সরকারের এই পদক্ষেপ তৃণমূল পর্যায়ে দারিদ্র্য বিমোচন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন