ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৪:১৭ পিএম
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে শুরু হয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক উন্মুক্ত ও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই শপথ গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করান।
এর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে অবসান হলো অন্তর্বর্তীকালীন সরকারের শাসনকাল এবং দেশ প্রবেশ করল নির্বাচিত সরকারের নতুন এক যুগে।ঐতিহ্যগতভাবে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হলেও এবারই প্রথম সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে এই আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে ভারত, পাকিস্তান, তুরস্কসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি এবং প্রায় ১ হাজার ২০০ দেশি-বিদেশি অতিথি উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ গ্রহণের পর তাঁর মন্ত্রিসভার অন্য সদস্যদের শপথ পড়ানো হচ্ছে। এই মন্ত্রিসভায় অভিজ্ঞ ও তরুণদের এক অনন্য সমন্বয় দেখা গেছে। ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রীসহ মোট ৪৯ জন সদস্য নিয়ে তারেক রহমান তাঁর এই নতুন টিম গঠন করেছেন।
পূর্ণ মন্ত্রীদের মধ্যে রয়েছেন—মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডা. এজেডএম জাহিদ হোসেনের মতো বর্ষীয়ান রাজনীতিবিদরা। এ ছাড়া টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ড. খলিলুর রহমান। প্রতিমন্ত্রীদের তালিকায় চমক হিসেবে যুক্ত হয়েছেন তরুণদের প্রতিনিধি হিসেবে পরিচিত নুরুল হক নুর ও জোনায়েদ সাকির মতো নেতারা। সাবেক জাতীয় গোলরক্ষক আমিনুল হকও টেকনোক্র্যাট কোটায় ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন।
এর আগে সকালে জাতীয় সংসদ ভবনের ভেতরে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। যদিও বিএনপি সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ বর্জন করেছেন, তবে সরকার গঠনে দলটির উদ্দীপনায় কোনো কমতি নেই। বিকেলে শপথ অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে এসএসএফ ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশের প্রায় প্রতিটি জেলা ও উপজেলা থেকে আগত নেতা-কর্মীদের উপস্থিতিতে সংসদ ভবন এলাকা এখন উৎসবে মুখর। তারেক রহমানের এই সরকারের প্রধান চ্যালেঞ্জ হবে জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার এবং ভঙ্গুর অর্থনীতিকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানো।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন