রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,
তারেক রহমান

স্কুল টাইমে যানজট নিরসনে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয় ডেস্ক

মার্চ ৩১, ২০২৬, ০৫:০৮ পিএম

স্কুল টাইমে যানজট নিরসনে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীতে স্কুল শুরু এবং ছুটির সময়ে সৃষ্ট অসহনীয় যানজট নিরসনে কার্যকর ও টেকসই বিকল্প ব্যবস্থা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিস্তারিত সাংবাদিকদের ব্রিফ করেছেন। তিনি জানান, রাজধানীর সড়কগুলোতে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানকেন্দ্রিক যে স্থবিরতা প্রতিনিয়ত তৈরি হচ্ছে, তা নিয়ে প্রধানমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী মনে করেন, এই সমস্যার মূলে রয়েছে স্কুলগুলোতে ব্যক্তিগত গাড়ির মাত্রাতিরিক্ত ব্যবহার যা সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলকে বিঘ্নিত করছে।

এদিনের বৈঠকে যানজটের অন্যতম কারণ হিসেবে একটি পরিসংখ্যান তুলে ধরা হয়। সেখানে দেখা গেছে, রাজধানীর কোনো কোনো স্কুলে মাত্র দেড়শ জন শিক্ষার্থীর বিপরীতে প্রায় একশটি ব্যক্তিগত গাড়ি স্কুলের সামনে ভিড় করে। এই গাড়িগুলো দীর্ঘ সময় সড়কের ওপর অবস্থান করায় সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। এর ফলে সাধারণ পথচারীদের পাশাপাশি শিক্ষার্থীরাও সময়মতো ক্লাসে পৌঁছাতে পারছে না এবং চরম ভোগান্তির শিকার হচ্ছে।

এই সমস্যাটি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে এর স্থায়ী সমাধান করতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রচলিত ব্যবস্থার বাইরে আর কী কী আধুনিক বা বিকল্প উপায় গ্রহণ করলে শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন হবে এবং সড়কে গাড়ির চাপ কমানো যাবে, সে বিষয়ে একটি বিস্তারিত প্রস্তাবনা তৈরি করতে হবে। এই প্রস্তাবনাটি দ্রুত সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর দপ্তরে উপস্থাপনের জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিদের পর প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। এ সময় তারা নিজ মন্ত্রণালয়ের চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এছাড়া এদিন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসানও প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এসব বৈঠকে জাতীয় উন্নয়ন ও শৃঙ্খলার বিষয়গুলোই প্রাধান্য পেয়েছে।