জুন ১৫, ২০২৬, ০৫:৫৭ পিএম
রাজধানীর দীর্ঘদিনের যানজট নিরসনে সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল অন্যত্র স্থানান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক এক বৈঠকে এই নির্দেশ দেন তিনি। ঢাকা মহানগরের দুই প্রশাসক বৈঠকের পর সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।দীর্ঘদিন ধরেই সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল ঢাকার অভ্যন্তরীণ যানজটের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়ে আসছে। নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও বাণিজ্যিক এলাকায় অবস্থিত হওয়ায় এসব টার্মিনালের কারণে যান চলাচল ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়।
এই সংকট দূর করতে নগরীর ভেতর থেকে টার্মিনালগুলো পর্যায়ক্রমে ঢাকার বাইরে বা উপযুক্ত প্রান্তিক স্থানে স্থানান্তরের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নগর পরিবহন ব্যবস্থার সংস্কার ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে দ্রুত কাজ শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন