রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং প্রত্যাহার: প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

এপ্রিল ২৬, ২০২৬, ০৫:৪৪ পিএম

পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং প্রত্যাহার: প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, পুলিশসহ অন্যান্য জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর যানবাহনের ওপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং ব্যবস্থা পুরোপুরি তুলে নেওয়া হয়েছে। আজ রোববার সংসদ অধিবেশনে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর এক পয়েন্ট অব অর্ডারের জবাবে প্রধানমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই দুই দিন আগেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

অধিবেশনের শুরুতে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী কুমিল্লায় একজন কাস্টমস কর্মকর্তা হত্যার ঘটনা এবং সাম্প্রতিক সময়ে পুলিশের টহল কমে যাওয়ার বিষয়টি সংসদে উত্থাপন করেন। তিনি অভিযোগ করেন যে, জ্বালানি তেলের রেশনিংয়ের অজুহাতে পুলিশ রাতে টহল কমিয়ে দিয়েছে, যার সুযোগ নিচ্ছে অপরাধীরা। এতে জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। 

সংসদ সদস্যের এই বক্তব্যের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী ফ্লোর নিয়ে জানান, সরকার বিষয়টি নিয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।প্রধানমন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট করেন যে, জননিরাপত্তার স্বার্থে জরুরি সেবায় নিয়োজিত বাহিনীগুলোর ওপর থেকে আগের সেই বিধিনিষেধ বা এমবারগো সরিয়ে নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, এখন থেকে পুলিশের টহল বা অন্যান্য জরুরি কার্যক্রমে তেলের আর কোনো সংকট হবে না। 

দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, জনদুর্ভোগ কমাতে এবং অপরাধীদের কঠোর হস্তে দমন করতে প্রশাসনকে সব ধরণের সহযোগিতা প্রদান করা হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে মাঠ পর্যায়ে পুলিশের তৎপরতা আবারও স্বাভাবিক হবে বলে সংসদকে আশ্বস্ত করেন তিনি।