রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল করে সংসদে বিল পাস

জাতীয় ডেস্ক

এপ্রিল ২৬, ২০২৬, ০৫:৪৭ পিএম

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল করে সংসদে বিল পাস

জাতীয় সংসদ সদস্যদের দীর্ঘদিনের বিশেষ সুবিধা শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগটি আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেল। রোববার বিকেলে জাতীয় সংসদে ‘দ্য মেম্বারস অব পার্লামেন্ট (রিমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস) অর্ডার ১৯৭৩’ সংশোধন বিল পাসের মাধ্যমে এই সুবিধাটি বিলুপ্ত করা হয়েছে। 

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি পাসের জন্য সংসদে উত্থাপন করলে কোনো ধরণের বিরোধিতা বা আলোচনা ছাড়াই কণ্ঠভোটে এটি পাস হয়। এর আগে গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছিল।

নতুন এই বিলটি পাসের ফলে বিদ্যমান আইনের ৩সি ধারাটি সম্পূর্ণ বিলুপ্ত হয়েছে। আগের আইনে বলা ছিল, একজন সংসদ সদস্য তার পুরো পাঁচ বছরের মেয়াদে শুল্কমুক্তভাবে মূল্য সংযোজন কর বা ভ্যাট, উন্নয়ন সারচার্জ এবং আমদানি পারমিট ফি ছাড়াই একটি গাড়ি, জিপ বা মাইক্রোবাস আমদানি করতে পারতেন। 

শুধু তাই নয়, এক মেয়াদে পাঁচ বছর অতিবাহিত হওয়ার পর একই সুবিধা নিয়ে নতুন আরেকটি গাড়ি আমদানির অধিকারও ছিল তাদের। আজকের এই আইনি পরিবর্তনের ফলে সেই বিশেষ আর্থিক সুবিধা আর থাকছে না।উল্লেখ্য যে, বর্তমান সংসদের সরকারি দল ও বিরোধী দলের পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল যে তারা কেউ ব্যক্তিগত প্রয়োজনে এই শুল্কমুক্ত গাড়ির সুবিধা গ্রহণ করবেন না। 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং জনস্বার্থের কথা বিবেচনা করে এটি একটি ইতিবাচক ও প্রশংসনীয় পদক্ষেপ। বিলটির ওপর কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় অত্যন্ত দ্রুততার সাথে এটি সংসদে গৃহীত হয়। এই সিদ্ধান্তের ফলে সরকারের রাজস্ব আদায়ে ইতিবাচক প্রভাব পড়বে এবং ভিআইপি সংস্কৃতির পরিবর্তনের ক্ষেত্রেও এটি একটি বড় ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।