রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

নতুন কুঁড়ি স্পোর্টস ক্রীড়াঙ্গনকে সুসংগঠিত করবে: প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

মে ১, ২০২৬, ১০:৩৩ পিএম

নতুন কুঁড়ি স্পোর্টস ক্রীড়াঙ্গনকে সুসংগঠিত করবে: প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টস উদ্যোগ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‍‍`নতুন কুঁড়ি স্পোর্টস‍‍` আয়োজিত হওয়ার খবরে আনন্দ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী এই সন্তুষ্টির কথা জানান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী তৃণমূল পর্যায় থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশুদের সুপ্ত প্রতিভা খুঁজে বের করতে এই নতুন প্রয়াস শুরু হতে যাচ্ছে।

প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্টে বলা হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের জন্য ঐতিহ্যবাহী ‍‍`নতুন কুঁড়ি‍‍` অনুষ্ঠানের যে ঐতিহাসিক পটভূমি রয়েছে, তারই অনুপ্রেরণায় দেশের ক্রীড়াঙ্গনকে আরও সুসংগঠিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। তৃণমূল থেকে খুদে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে তাদের জন্য একটি টেকসই ও পেশাদার প্ল্যাটফর্ম তৈরি করাই বর্তমান সরকারের মূল উদ্দেশ্য।

তারেক রহমান তাঁর পোস্টে উল্লেখ করেছেন, খেলাধুলা আজ কেবল বিনোদন নয়, বরং বিশ্বজুড়ে একটি সম্মানজনক ও লাভজনক পেশা। সরকারের পক্ষ থেকে ক্রীড়াকে একটি মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা এবং খেলোয়াড়দের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি ছিল, এই আয়োজন তার বাস্তবায়ন। 

এর মাধ্যমে প্রতিভাবান শিশুদের জন্য রাষ্ট্রীয় ক্রীড়াবৃত্তি এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর মাধ্যমে বিশ্বমানের প্রশিক্ষণ নিশ্চিত করা হবে।তরুণ প্রজন্মকে বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে ক্রীড়া চর্চার গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়তে খেলাধুলার বিকল্প নেই। মাদকাসক্তি ও অতিরিক্ত ডিভাইস-আসক্তি থেকে তরুণ সমাজকে নিরাপদ রাখতে এই ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা পালন করবে। ‍‍`নতুন কুঁড়ি স্পোর্টস‍‍` শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব এবং দলগত ঐক্যের চেতনা জাগ্রত করবে।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, অদূর ভবিষ্যতে এই খুদে ক্রীড়া প্রতিভাগুলো থেকেই দেশসেরা তারকা তৈরি হবে। যারা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের লাল-সবুজ পতাকাকে তুলে ধরবে। সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় এই উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনে একটি যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।