মে ৯, ২০২৬, ১০:১৯ পিএম
আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রাথমিক অনুমোদন দিয়েছে পরিকল্পনা কমিশন। শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, বিদ্যুৎ ও স্থানীয় সরকার খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই উন্নয়ন বাজেটের খসড়া প্রস্তুত করা হয়েছে।
শনিবার অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। খাতভিত্তিক চূড়ান্ত বরাদ্দ নির্ধারণের আগে আগামী ১৬ মে আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে।
পরবর্তীতে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য এটি উপস্থাপন করা হবে। আগামী ১৮ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) প্রস্তুত করা নথিতে দেখা গেছে, প্রস্তাবিত এডিপির মোট আকার ধরা হয়েছে ৩ লাখ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে ১ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা মোট বরাদ্দের প্রায় ৬৩ শতাংশ। বাকি ১ লাখ ১০ হাজার কোটি টাকা বৈদেশিক ঋণ ও অনুদান থেকে সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এর বাইরে স্বায়ত্তশাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত করপোরেশনগুলো নিজেদের তহবিল থেকে আরও ৮ হাজার ৯২৪ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা রেখেছে। ফলে সামগ্রিক উন্নয়ন বাজেটের পরিমাণ দাঁড়াবে প্রায় ৩ লাখ ৮ হাজার কোটি টাকা।খাতভিত্তিক প্রস্তাবিত বরাদ্দ বিশ্লেষণে দেখা গেছে, পরিবহন ও যোগাযোগ খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই খাতে ৫০ হাজার ৯২ কোটি ৫৩ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট এডিপির ১৬ দশমিক ৭০ শতাংশ।
দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে শিক্ষা খাতে। এই খাতে ৪৭ হাজার ৫৯১ কোটি ১২ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া স্বাস্থ্য খাতে ৩৫ হাজার ৫৩৫ কোটি ৫০ লাখ টাকা এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য ৩২ হাজার ৬৯১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রয়েছে। আবাসন ও কমিউনিটি সুবিধা খাতে ২০ হাজার ৩৬১ কোটি টাকা বরাদ্দের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষ মানবসম্পদ তৈরি, কর্মসংস্থানের সক্ষমতা বাড়ানো এবং সামাজিক সুরক্ষা জোরদার করার লক্ষ্যেই শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে অবকাঠামো উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বড় বিনিয়োগের পরিকল্পনা রাখা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন