জুন ৮, ২০২৬, ০১:৩৪ পিএম
জীবনের সবচেয়ে সুখের মুহূর্তগুলো ভাগ করে নেওয়ার পাশাপাশি কঠিন সময়ে নিঃস্বার্থভাবে পাশে থাকা মানুষটিই হয়ে ওঠেন সবচেয়ে কাছের বন্ধু। এই বিশেষ সম্পর্ককে সম্মান ও ভালোবাসা জানাতে প্রতি বছর ৮ জুন পালিত হয় বিশ্ব বেস্ট ফ্রেন্ড দিবস।
বন্ধুত্ব এক অমূল্য সম্পদ। জীবনজুড়ে অনেক মানুষের সঙ্গে পরিচয় হলেও হাতেগোনা কয়েকজনই শেষ পর্যন্ত পাশে থাকেন। গবেষণা বলছে, প্রতি ১২ জনে একজন পরম বন্ধু পাওয়া যায় এবং সাধারণত মানুষের দুইয়ের অধিক বেস্ট ফ্রেন্ড থাকে না।
১৯৩৫ সালের ৮ জুন মার্কিন কংগ্রেস আনুষ্ঠানিকভাবে এই দিনটিকে স্বীকৃতি দেয়। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সারা বিশ্বে দিনটি জনপ্রিয় হয়ে ওঠে। যদিও আগস্ট মাসে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস পালিত হয়, তবে ৮ জুন বিশেষভাবে বেস্ট ফ্রেন্ডদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন হিসেবে স্বীকৃত।
বিশেষজ্ঞরা বলেন, বেস্ট ফ্রেন্ড শুধু আনন্দের সঙ্গী নন, বরং তিনি একাকিত্ব, দুঃখ ও হতাশার সময়ে পরম আশ্রয়। যেকোনো বিপদে-আপদে তারা নিঃশব্দে পাশে দাঁড়ান এবং সব পরিস্থিতিতে সমর্থন দেন।ব্যস্ততার মাঝেও আজকের এই দিনটি প্রিয় বন্ধুর জন্য আলাদা করে রাখা যেতে পারে। স্মৃতিচারণ, শুভেচ্ছা বার্তা কিংবা একসঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে অনেকে বন্ধুত্বের বন্ধন দৃঢ় করেন। তবে দিনটির আসল উদ্দেশ্য হলো প্রিয় মানুষটির প্রতি কৃতজ্ঞতা জানানো।
যাদের প্রিয় বন্ধু আজ আর জীবনে নেই, তাদের জন্যও দিনটি বিশেষ। পুরোনো স্মৃতি রোমন্থন করে সেই বন্ধুত্বকে সম্মান জানানোর একটি আবেগঘন সময় আজকের এই দিন। তাই আজকের দিনটি হোক বন্ধুত্বের গল্প বলার এবং সবচেয়ে কাছের মানুষটিকে ধন্যবাদ জানানোর।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন