জুন ১৫, ২০২৬, ০৪:০৯ পিএম
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে বাধার ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বাঢ়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এই অনভিপ্রেত ঘটনায় সরকার গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানাবে বলে জানা গেছে।
গতকাল সন্ধ্যায় আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন উপদেষ্টা।ঘটনার দিন সন্ধ্যায় দিল্লিতে অবতরণের পর ইমিগ্রেশন জটিলতার কারণে তাকে দীর্ঘসময় অপেক্ষা করতে হয় এবং তিনি শেষ পর্যন্ত দিল্লিতে প্রবেশ না করেই ফিরে আসার সিদ্ধান্ত নেন। তিনি কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করেননি বলে জানা গেছে। এই ঘটনার প্রতিবাদ জানাতেই আজ তাকে মন্ত্রণালয়ে ডাকা হয়েছে।
সরকারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কূটনৈতিক চ্যানেলে ঘটনার সুস্পষ্ট কারণ ব্যাখ্যা করার দাবি জানানো হবে বলে ধারণা করা হচ্ছে। দুই দেশের সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে এমন বাধার ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই তলবের বিষয়ে বিস্তারিত জানানো হতে পারে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন