রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় ডেস্ক

জুন ১৬, ২০২৬, ১০:৫২ এএম

বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বুধবার মৌলভীবাজার সফর করবেন। তিনি সেখানে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল কর্মকর্তা মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচি থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলায় ব্যাপক প্রস্তুতি চলছে।

সফরকালে প্রধানমন্ত্রী শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর তিনি দুসাই রিসোর্টে আয়োজিত একটি রাজনৈতিক সভায় অংশ নেবেন। তাঁর আগমনকে ঘিরে জেলাজুড়ে নিরাপত্তা ও সাজসজ্জার কাজ জোরেশোরে চলছে।প্রশাসনের উদ্যোগে সড়ক ও ফুটপাথ পরিষ্কারের কাজ চলছে।

মৌলভীবাজার-শ্রীমঙ্গল ও সিলেট-মৌলভীবাজার সড়কের ঝোপঝাড় পরিষ্কার করা হয়েছে। জেলার সার্কিট হাউজ প্রস্তুত করা হয়েছে এবং সমাবেশের জন্য ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় ও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ সংস্কার করা হচ্ছে। প্রশাসনের পাশাপাশি স্থানীয় বিএনপিও ব্যাপক প্রস্তুতি নিয়েছে।জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

দলীয় চেয়ারম্যানের আগমন উপলক্ষে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন জানান, তৃণমূল পর্যায়ে উৎসবের আমেজ বিরাজ করছে এবং বিএনপির পক্ষ থেকে সব আয়োজন সম্পন্ন হয়েছে।