জুন ২৮, ২০২৬, ০৭:৪৯ পিএম
পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস পুলিশ ক্যাডারের ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে।রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত মহাপরিদর্শক বা অতিরিক্ত আইজি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি মো. মুশফেকুর রহমানকে পদোন্নতি দিয়ে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজি হিসেবে পদায়ন করা হয়েছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা বা এনএসআইয়ের পরিচালক ডিআইজি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে সি.আই.ডি.র অতিরিক্ত আইজি করা হয়েছে। এছাড়া ডিআইজি মো. মনিরুজ্জামানকে পুলিশ টেলিকমে এবং র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদকে পদোন্নতি দিয়ে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
ডিআইজি পর্যায়ে প্রলয় চিসিমকে নোয়াখালী পিটিসি, মিয়া মাসুদ করিমকে এপিবিএনের এফডিএমএন কার্যালয়, মোহাম্মদ ওসমান গনিকে রংপুর পিটিসি এবং এএফএম মোশাররফ হোসেন মিয়াঁজীকে খুলনা পিটিসি কার্যালয়ে বদলি করা হয়েছে। অতিরিক্ত ডিআইজি পর্যায়ে মোহা. আসাদুজ্জামানকে র্যাবে, এ কে এম আক্তারুজ্জামান ও মো. কুতুব উদ্দিনকে পুলিশ সদর দপ্তরে এবং মো. আল মামুনকে ২য় এপিবিএনের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সাথে সরকার মোহাম্মদ কায়সারকে বেতবুনিয়া পিএসটিএস এবং মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে সারদা পুলিশ একাডেমিতে বদলি করা হয়েছে। অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল ওয়ারীশকে রংপুর পিটিসি এবং মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ সুপার বা এসপি পর্যায়ে কাজী এহসানুল কবীরকে পুলিশ সদর দপ্তর এবং মো. জাহিদুর রহমানকে সারদা পুলিশ একাডেমিতে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সালমা সৈয়দ পলিকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয় এবং মো. শহীদুল ইসলাম ও মো. কামরুজ্জামানকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌহিদ আহমদ স্বাক্ষরিত ওই আদেশে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই নতুন নির্দেশনা অবিলম্বে কার্যকর করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন