জুলাই ৮, ২০২৬, ১০:৪৮ পিএম
রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ প্রত্যাবর্তনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে টেকসই ও জোরালো সহায়তার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৮ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (৭ জুলাই) জাতিসংঘ সদরদপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের রাজনৈতিক ও শান্তি বিনির্মাণ বিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল রোজমেরি এ ডি-কার্লোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে তিনি রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদী সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ব শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণে বাংলাদেশের অগ্রাধিকার ও প্রতিশ্রুতিগুলো পুনর্ব্যক্ত করেন। বৈঠকে রোজমেরি এ ডি-কার্লো আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের অব্যাহত অবদানের প্রশংসা করেন এবং জাতিসংঘে বাংলাদেশের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও টেকসই সমাধানের মাধ্যমে তাদের মিয়ানমারে ফেরত পাঠানোই বাংলাদেশ সরকারের প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন। এ লক্ষ্যে আন্তর্জাতিক মহলের সক্রিয় ভূমিকা ও সমন্বিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই বলে তিনি মনে করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন