রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

একযোগে ১৭২ উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি

জাতীয় ডেস্ক

জুলাই ৯, ২০২৬, ০৭:৫৬ পিএম

একযোগে ১৭২ উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি

সরকার একযোগে ১৭২ জন উপসচিবকে যুগ্ম-সচিব পদে পদোন্নতি দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পর এটিই প্রশাসনে সবচেয়ে বড় পদোন্নতির ঘটনা। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।নতুন যুগ্ম-সচিবদের আপাতত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র সরাসরি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর অথবা ই-মেইলের মাধ্যমে পাঠাতে পারবেন। আদেশে উল্লেখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তিত হয়ে থাকলে, তাকে বর্তমান দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী সময়ে কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ তথ্য পাওয়া গেলে এই আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার সরকারের রয়েছে।

প্রশাসনে যুগ্ম-সচিবের বর্তমান সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৬১ জনে। এবারের পদোন্নতিতে বিশেষ গুরুত্ব পেয়েছে বিসিএস প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচ। তবে এর বাইরেও বিভিন্ন সময়ে বঞ্চিত থাকা কর্মকর্তাদের পদোন্নতির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

‘সরকারের উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২’ অনুযায়ী এই পদোন্নতি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বিধিমালা অনুযায়ী, যুগ্ম-সচিব পদে পদোন্নতির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার উপসচিব পদে কমপক্ষে ৫ বছর চাকরিসহ মোট ১৫ বছরের অথবা উপ-সচিব পদে ৩ বছর চাকরিসহ ২০ বছরের অভিজ্ঞতার শর্ত পূরণ করতে হয়। পদোন্নতির এই প্রক্রিয়ায় প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য ৭০ শতাংশ এবং অন্যান্য ক্যাডারদের জন্য ৩০ শতাংশ কোটা নির্ধারিত রয়েছে।