জুলাই ১০, ২০২৬, ০৩:৩৯ পিএম
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ বিএনপি সরকারের নির্বাহী ইশতেহারের অংশ বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, এই পরিকল্পনা বাস্তবায়নে বর্তমান সরকার অনেক দূর এগিয়ে গেছে এবং প্রধানমন্ত্রী সংসদে এ বিষয়ে বিস্তারিত কথা বলেছেন। এখন রাজনৈতিক ফায়দা লুটার উদ্দেশ্যে কিছু দল স্ট্যান্টবাজির রাজনীতি করছে বলে তিনি অভিযোগ করেন।
শুক্রবার দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার দোসীমানা এলাকায় পঞ্চগড় গেটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে দীর্ঘদিন ধরে বিএনপি আন্দোলন-সংগ্রাম করে আসছে। দলটির বর্তমান চেয়ারম্যান এর আগে লন্ডন থেকে এই সংগ্রামে যুক্ত ছিলেন।
এখন যখন বিএনপি কাজ শুরু করেছে, তখন ক্রেডিট নেওয়ার জন্য জামায়াতসহ ১১টি দল আন্দোলনে নেমেছে। বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী। যারা আগে এই তিস্তা নিয়ে কোনো কথা বলেনি বা যাদের কোনো স্বপ্ন ছিল না, তাদের স্ট্যান্টবাজির রাজনীতি বাংলাদেশে আর চলবে না।
দ্রব্যমূল্যের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, বাজেট পাসের পর সাধারণত নিত্যপণ্যের দাম বেড়ে যায়। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সেই প্রবণতা দেখা যায়নি। তিনি পঞ্চগড়ের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে জনসাধারণের দাবির প্রেক্ষিতে এই পঞ্চগড় গেট নির্মাণ করা হচ্ছে বলে জানান। এই গেটটি এলাকার প্রবেশপথে নতুন রূপ যোগ করবে।
২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দের আওতায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে এই গেটটি নির্মাণ করা হচ্ছে। স্থানীয় সরকার বিভাগের অধীনে মের্সাস মিডল্যান্ড কনস্ট্রাকশন নামে একটি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, দেবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুসা মিয়া এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন