রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বাংলাদেশসহ ৭ দেশের জন্য সৌদি আরবের নতুন প্যাকেজ ভিসা

জাতীয় ডেস্ক

জুলাই ১০, ২০২৬, ১০:২৭ পিএম

বাংলাদেশসহ ৭ দেশের জন্য সৌদি আরবের নতুন প্যাকেজ ভিসা

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ প্রকল্প চালু করেছে সৌদি আরব। পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতা আরামদায়ক করতে এই প্রকল্পের আওতায় টিকিট, আবাসন ও ভ্রমণের অন্যান্য সুবিধা একই বুকিংয়ে পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার এক প্রতিবেদনে গালফ নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।

প্রাথমিক ধাপে বাংলাদেশসহ সাতটি দেশকে এই বিশেষ প্রকল্পের জন্য নির্বাচন করেছে সৌদি সরকার।এই নতুন ভিসা প্রকল্পের তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে মিশর, জর্ডান, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মেক্সিকো। দেশটির পর্যটন মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, পর্যায়ক্রমে আরও অনেক দেশ এই সুবিধার আওতায় আসবে। এই বিশেষ ব্যবস্থার ফলে ভ্রমণকারীরা একটিমাত্র বুকিংয়ের মাধ্যমেই যাতায়াত ও ভিসার যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। প্যাকেজের মধ্যে ফিরতি ফ্লাইটের টিকিট, লাইসেন্সপ্রাপ্ত হোটেলে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা অন্তর্ভুক্ত থাকবে।

ভিসা পাওয়ার জন্য ভ্রমণকারীদের আলাদাভাবে কোনো আবেদন জমা দেওয়া বা দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না। প্যাকেজ বুকিং সম্পন্ন করার ৪৮ ঘণ্টার মধ্যেই ইলেকট্রনিক পদ্ধতিতে ভিসা ইস্যু করা হবে এবং অনুমোদিত ট্র্যাভেল প্রোভাইডারের মাধ্যমে ইমেইলেই সব কাগজপত্র পৌঁছে যাবে। বর্তমানে ‘রিজারভাল’ ও ‘আলমোসাফের’ নামের দুটি ট্রাভেল এজেন্সিকে এই পরিষেবা দেওয়ার স্বীকৃতি দেওয়া হয়েছে।

এই ভিসার মেয়াদ হবে তিন মাস এবং এটি সিঙ্গেল এন্ট্রি বা একবার প্রবেশের সুবিধাযুক্ত। ভ্রমণকারীরা সর্বনিম্ন দুই দিন থেকে সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত সৌদি আরবে অবস্থান করতে পারবেন। প্যাকেজের শর্ত হিসেবে ফিরতি ফ্লাইট, চার তারকা মানের হোটেলে আবাসন এবং ভিসা আবেদনের খরচ অন্তর্ভুক্ত থাকতে হবে। প্রাপ্তবয়স্কদের জন্য প্রথম দুই দিনের প্যাকেজের সর্বনিম্ন মূল্য চার হাজার সৌদি রিয়াল নির্ধারণ করা হয়েছে, যার সঙ্গে ভিসা ও ভ্রমণ বীমা বাবদ ৪০২ দশমিক ২১ রিয়াল ফি যুক্ত হবে।