রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সংসদে প্রধানমন্ত্রীর বাজেট বক্তব্যে মুগ্ধ বিরোধী দল: ফরহাদ হোসেন আজাদ

আবু সালেহ মোঃ রায়হান

জুলাই ১১, ২০২৬, ০৩:১০ পিএম

সংসদে প্রধানমন্ত্রীর বাজেট বক্তব্যে মুগ্ধ বিরোধী দল: ফরহাদ হোসেন আজাদ

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

সংসদে বাজেট নিয়ে যে বক্তব্য বিরোধী দলের দেওয়ার কথা ছিল, প্রধানমন্ত্রী সেই বক্তব্যই দিয়েছেন বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শনিবার দুপুরে পঞ্চগড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া মাহফিল এবং অসহায়দের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার পর এক অভূতপূর্ব পরিবেশ তৈরি হয়েছিল। প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রশংসা করে সেদিন সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান চেয়ার থেকে উঠে এসে তাকে অভিনন্দন জানিয়েছিলেন। এটাই বিএনপি এবং এটিই তারেক রহমানের সরকার বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসন ও দলের নেতৃবৃন্দের প্রতি কঠোর নির্দেশনা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকারের যেকোনো অনুদান বিতরণের ক্ষেত্রে দলীয় দৃষ্টিভঙ্গি পরিহার করতে হবে। অসহায় ও দুস্থদের মাঝে বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দেন তিনি।

পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন, পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার এবং জেলা বিএনপির আহ্বায়ক জাহেরুল ইসলাম কাচ্চু বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরবর্তীতে প্রতিমন্ত্রী দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন, ছাত্রীদের হাতে বাইসাইকেল, কমিউনিটি ক্লিনিক কর্মচারীদের রক্তচাপ মাপার যন্ত্র এবং অসহায় দরিদ্র মহিলাদের মাঝে শাড়ি বিতরণ করেন।