রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চলতি মাসেই চালু হচ্ছে ডিজিটাল ‍‍`প্রবাসী কার্ড‍‍`

জাতীয় ডেস্ক

জুলাই ১২, ২০২৬, ১২:৪১ পিএম

চলতি মাসেই চালু হচ্ছে ডিজিটাল ‍‍`প্রবাসী কার্ড‍‍`

দেশে ও বিদেশে নানা ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালু হচ্ছে ডিজিটাল ‘প্রবাসী কার্ড’। সরকারের এই উদ্যোগের মাধ্যমে ব্যাংকিং সুবিধা, বীমা, বিনিয়োগ, সম্পদ সুরক্ষা এবং অনলাইন পেমেন্টসহ বিভিন্ন জরুরি সেবা একই প্ল্যাটফর্মে পাওয়া যাবে বলে জানিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।প্রবাসীদের জন্য এই কার্ডটি প্রবর্তন করা হচ্ছে।

দেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা অর্জন এবং রিজার্ভ সমৃদ্ধ রাখতে প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বিমানবন্দর, বিদেশে বাংলাদেশ দূতাবাসসহ বিভিন্ন ক্ষেত্রে সেবা নিতে গিয়ে দীর্ঘদিন ধরেই নানা হয়রানির অভিযোগ রয়েছে। এসব ভোগান্তি কমাতে এবং দালাল চক্রের প্রতারণা, অতিরিক্ত অভিবাসন ব্যয় ও অর্থ পাঠানোর জটিলতা নিরসনে সরকার এই ডিজিটাল কার্ড চালুর উদ্যোগ নিয়েছে।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর জানান, ব্যাংকের পেমেন্ট গেটওয়ের সঙ্গে যুক্ত করে এই প্রবাসী কার্ড চালু করা হবে। সরকারের লক্ষ্য চলতি মাসের মধ্যেই এটি আনুষ্ঠানিকভাবে চালু করা। কার্ডধারীরা বিমানবন্দরে কাঙ্ক্ষিত সেবা পাওয়ার পাশাপাশি বিদেশে বাংলাদেশ দূতাবাসেও অগ্রাধিকার সুবিধা পাবেন। এছাড়া বিভিন্ন সরকারি সেবার ফি ও অন্যান্য পেমেন্ট এই কার্ডের মাধ্যমে অনলাইনে সহজেই সম্পন্ন করা যাবে।

নতুন এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা তাদের উপার্জিত অর্থ আরও নিরাপদে সংরক্ষণ করতে পারবেন। কার্ডের সঙ্গে পরিবারের একজন সদস্যকে সম্পূরক কার্ডধারী হিসেবে যুক্ত করার সুযোগ থাকবে। সেই সদস্য মাসিক কত টাকা উত্তোলন করতে পারবেন, তা আগে থেকেই নির্ধারণ করে দেওয়া যাবে, যা হুন্ডির ব্যবহার কমাতে এবং স্বচ্ছ হিসাব সংরক্ষণে সহায়ক হবে।

তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, পুরো প্রক্রিয়ায় তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সামগ্রিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে, যেন কোনো ধরনের অনিয়ম বা অপব্যবহারের সুযোগ না থাকে। রাজনৈতিক প্রভাব বা অসাধু গোষ্ঠী যাতে এই ব্যবস্থাকে অপব্যবহার করতে না পারে, সে বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।