মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় ডেস্ক

জুলাই ১৩, ২০২৬, ১০:৫০ এএম

আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।দেশের পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সরকার এই কর্মসূচি বাস্তবায়ন করছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশে প্রয়োজনের তুলনায় গাছের সংখ্যা কম। তাই আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।তিনি বলেন, বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন এসেছে। আগে থেকে বৃষ্টিপাতের পরিমাণ ও ধরনে ভিন্নতা দেখা যাচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে দেশকে আরও সবুজ করে তোলা হবে।

প্রধানমন্ত্রী শুধু গাছ লাগানোর ওপর গুরুত্ব না দিয়ে সেগুলোর যথাযথ পরিচর্যার ওপরও জোর দেন। তিনি বলেন, দেশকে সুন্দর ও বাসযোগ্য রাখতে হলে প্রতিটি গাছের যত্ন নিতে হবে। নিজেদের দেশকে নিজেরাই ঠিক করতে হবে, অন্য কেউ এসে তা করে দেবে না।এ সময় প্রধানমন্ত্রী জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির নতুন স্লোগান ঘোষণা করেন— "বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।"

গৌরনদীতে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী ২ হাজার ৫০০টি গাছ রোপণে অংশ নেন। এর আগে সোমবার সকালে সড়কপথে তিনি বরিশালে পৌঁছান। সফরসূচি অনুযায়ী, গৌরনদীর বাটাজোর ইউনিয়নের সরিকল খালের পাশসহ জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এবং সাগরদী এলাকায় বৃক্ষরোপণ করেন তিনি।বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে তার মতবিনিময় সভার কথা রয়েছে। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম বরিশাল সফর।