রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জামানত ছাড়াই মিলবে স্টার্টআপ ফান্ড, জানালেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

জুলাই ১৪, ২০২৬, ১১:৫৩ এএম

জামানত ছাড়াই মিলবে স্টার্টআপ ফান্ড, জানালেন প্রধানমন্ত্রী

ছবি - সংগৃহীত

জামানত বা বন্ধক ছাড়াই তরুণ উদ্যোক্তারা কীভাবে সরকারি অর্থ সহায়তা বা ঋণ পেতে পারেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর এমন প্রশ্নের জবাবে বিস্তারিত তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, দেশের তরুণদের উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করতে সরকার বিশেষভাবে উদ্যোগ নিয়েছে।মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, উদ্যোক্তারা সাধারণত ব্যাংক থেকে ঋণ নিতে গিয়ে জামানত বা কাগজের যে জটিলতায় পড়েন, সেই সমস্যাটি সম্পর্কে সরকার সচেতন। এই পরিস্থিতি এড়ানোর জন্য সরকার নিজেই উদ্যোগ নিয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ৫০০ কোটি টাকার বাজেট বরাদ্দ রাখা হয়েছে, যা থেকে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত স্টার্টআপ উদ্যোক্তাদের সহযোগিতা করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, এই তহবিল পরিচালনার জন্য এমন একটি নিরপেক্ষ কমিটি করা হয়েছে যেখানে কোনো মন্ত্রী বা উপদেষ্টারা থাকবেন না। উদ্যোক্তাদের প্রজেক্টের সক্ষমতা দেখে এই কমিটি ফান্ডিং করবে। পাবলিক মানি বা সরকারি তহবিল থেকে এই অর্থ সহায়তা প্রদান করা হবে, তাই প্রকল্পের সম্ভাবনা ও দক্ষতা যাচাই করা হবে প্রধান বিবেচ্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন যে, সাধারণত বাবার জমি বা সম্পত্তি দেখিয়ে ব্যাংক থেকে ঋণ নিতে হয়, কিন্তু তরুণ উদ্যোক্তাদের ক্ষেত্রে জামানতবিহীন ঋণ পাওয়ার পথ কতটা সহজ হবে।জবাবে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, কোনো উদ্যোক্তার প্রকল্প যদি সম্ভাবনাময় হয়, তবে শুরুতেই ব্যবসা ভালো না করলেও হতাশ হওয়ার কারণ নেই। পটেনশিয়াল বা সম্ভাবনা যাচাই করে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার বিষয়টি সরকার বিবেচনায় রেখেছে। উদ্ভাবনী চিন্তাকে জাতীয় উন্নয়নের মূলধারায় যুক্ত করতেই মূলত এই পদক্ষেপ নেওয়া হয়েছে।